২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার শহীদ মিনারে প্রতিরোধের মুখে দুই জামায়াত নেতা

বিজয়ের মাসে শহীদ মিনারে বক্তৃতা দিতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েছেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ এবং লাঞ্ছিত হয়েছেন আরেক নেতা আবুল কাশেম।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

শুক্রবার বেলা ১১ টায় শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি প্রবীণ রাজনীতিক আবু মহম্মদ ফেরদাউসের শোকসভায় বক্তৃতা করতে গিয়ে তারা জনতার রোষানলে পড়েন ।

শোকসভার এক পর্যায়ে অনুষ্ঠান পরিচালনাকারী বক্তৃতা দেওয়ার জন্য খুলনা মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদকে আহ্বান জানান।

এ সময় সভায় উপস্থিত যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে হট্টগোল শুরু করেন।

তারা বলেন, “বিজয়ের মাসে কোনো রাজাকার শহীদ মিনারে উঠতে পারবে না।”

এ সময় জামায়াতের সহ-সম্পাদক আবুল কাশেম প্রতিবাদ জানালে যুবলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর নেতা শহীদ ইকবাল বিহার তাকে লাঞ্ছিত করেন।

মাওলানা আবুল কালাম আজাদ পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত বক্তৃতা শেষ করে সরে পড়েন।

পরে উন্নয়ন কমিটির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

উন্নয়ন কমিটির সহ-সভাপতি হায়দার গাজী সালাউদ্দিন রুনুর সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকৌশলী মো. শহীদুল্লাহ, খুলনা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী, বেগম মন্নুজান সুফিয়ান, গাজী শহীদুল্লাহ ও অ্যাড. এনায়েত আলী।