আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি প্রায় চূড়ান্ত
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। তাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এমনকি সময় স্বল্পতায় এবার সাক্ষাতকার না নিয়েই সরাসরি দলের প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঙ্গে আলাপচারিতায় এরকম ধারণাই পাওয়া গেছে। এমনকি, আসন বন্টনের বিষয়টি নিশ্চিত করতে শরিক দলের নেতারা আওয়ামী লীগ নেতাদের বাসায় দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন ।
ওয়ার্কার্স পার্টির নেতারা গত বৃহস্পতিবার রাতে যান আব্দুল জলিলের বাসায়।
দলটির সভাপতি রাশেদ খান মেনন সেই রাতেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, সার্বিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্য তারা গিয়েছিলেন। তিনিই জানান, আওয়ামী লীগের কাছে তারা ১৫টি আসন চেয়েছেন।
আসন ভাগাভাগি বিষয়ে আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “এ ক্ষেত্রে সবার বিষয়ই বিবেচনা করা হবে। তবে, নির্বাচনে যারা জয়ী হতে পারবেন শুধু তাদেরই ছাড় দেয়া হবে।”
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আব্দুল জলিল বলেন, “আমরা নির্বাচন করবো এটা নিশ্চিত। তবে, কখন করবো, কিভাবে করবো, কোন শিডিউলয়ে করবো, তা এখনো ঠিক হয়নি।”
আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠক গত বৃহস্পতিবার শুরু হয়েছে।
দলীয় মনোনয়নের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “পার্লামেন্টারি বোর্ড কেবল বসেছে। এখনো কিছুই চূড়ান্ত হয়নি। যদি নির্বাচনের তারিখ পেছায় তা হলে আমরা প্রার্থীদের সাক্ষাতকার নেবো।
“আর যদি এই তারিখেই নির্বাচনে যাই তা হলে এক একজনকে ডেকে বলে দেবো কাকে কোন আসনে মনোনয়ন দেয়া হচ্ছে । আমাদের তো আগে থেকেই একটা ধারণা আছে।”
তিনি জানান, ১৪ দলের প্রার্থীদের নাম সম্ভবত একসঙ্গেই ঘোষণা করা হবে ।
আব্দুল জলিল বলেন, “১৪ দল, এলডিপি, জাকের পার্টি, তরিকত ফেডারেশনসহ ইসলামী দলগুলো জোটবদ্ধ নির্বাচন করবে। এরশাদকে নিয়ে মহাজোটের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
