ইসলামী ঐক্যজোট ২৫ আসন চেয়েছে
চার দলীয় জোট শরীক ইসলামী ঐক্যজোট আগামী সংসদ নির্বাচনে বিএনপির কাছে ২৫টি আসন চেয়েছে।
ইসলামী ঐক্যজোট সভাপতি মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ৩১ সদস্যের একটি প্রতিনিধিদল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বনানীর দলীয় কার্যালয় হাওয়া ভবনে দেখা করে এই ২৫টি আসনের একটি তালিকা হস্তান্তর করে।
বৈঠকে আগামী নির্বাচনে চার দলীয় জোটের কর্মকৌশল এবং আসনবণ্টন নিয়ে আলোচনা হয়।
পরে মুফতি আমিনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেসব আসন দেয়া সম্ভব হবে সেগুলো তাদের ছেড়ে দেয়া হবে বলে খালেদা জিয়া আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, “গতবার চার দলীয় জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা সাতটি আসন পেয়েছিলাম। এবার ২৫টি চেয়েছি।”
এগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মুফতি আমিনী, সুনামগঞ্জ-৩ থেকে শাহীনূর পাশা, যশোর-৫ আসনে মুফতি মো. ওয়াক্কাস প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
বৈঠক শেষে মুফতি আমিনী সাংবাদিকদের বলেন, দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে হলে ইসলামী মনোভাবাপন্ন মানুষদের চার দলের পক্ষেই ভোট দিতে হবে। এ জন্য ইসলামী এক্যজোট আলাদাভাবে সারাদেশে কর্মসূচি দেবে।
বৈঠকে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী, ইসলামী ঐক্যজোটের মাওলানা মহিউদ্দীন খান, আব্দুল লতিফ নেজামী, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস প্রমুখ উপস্থিত ছিলেন।
