২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী প্রত্যাহারে রাবি শিক্ষকদের দাবি

দেশে সেনাবাহিনী নিয়োগ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির অন্তরায় উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 11:11 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বিবৃতিতে তারা চারজন সম্মানিত উপদেষ্টার পদত্যাগকে স্বাগত জানিয়ে বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে তাঁরা সময়োচিত, সাহসী ও অভিনন্দনযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

প্রগতিশীল শিক্ষক সমাজ সেনাবাহিনী নামানোর অপ্রয়োজনীয় এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, “দেশে বিরাজমান রাজনৈতিক সংকট মোকাবিলায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যখন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে একটি শান্তিপূর্ণ সমঝোতার দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন, ঠিক তখন বেসামরিক প্রশাসনকে সহায়তার অজুহাতে রাষ্ট্রপতি একক সিদ্ধান্তে দেশে সেনাবাহিনী নিয়োগ করেছেন। সেনাবাহিনী মোতায়েনের মত এমন কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা আমাদের বোধগম্য নয়। বরং রাষ্ট্রপতির এই পদক্ষেপে এমন ভাবনার পক্ষে যথেষ্ট যুক্তি সৃষ্টি হয় যে, তিনি দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলনরত দল ও জনগণকে হুমকি প্রদানের জন্যেই এবং একটি বিশেষ জোটকে খুশি করার জন্য এই পথ বেছে নিয়েছেন।”

বিবৃতিদাতারা বলেন, “এই পদক্ষেপের ফলে পরিস্থিতিকে আরো বেশি জটিল করে তোলা হলো এবং একইভাবে দেশের জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করা হলো। আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে, অতীতের এ ধরনের পদক্ষেপ কখনোই দেশের জন্যে সুফল বয়ে আনেনি।”

তারা আরও বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে রাষ্ট্রপতির অন্তরায় সৃষ্টি, সেনাবাহিনী নামানোর মত হঠকারী সিদ্ধান্ত এবং উপদেষ্টাগণকে উপেক্ষা করায় ইতোমধ্যে চার জন সম্মানিত উপদেষ্টা পদত্যাগ করেছেন। জাতির এই ক্রান্তিলগ্নে তাঁরা সময়োচিত, সাহসী ও অভিনন্দনযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন, প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির আহবায়ক প্রফেসর ড. আব্দুস সোবহান, সদস্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলী, প্রফেসর ড. মুহম্মদ মিজান উদ্দিন, প্রফেসর ড. মোখলেসুর রহমান, প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, প্রফেসর মলয় কুমার ভৌমিক, প্রফেসর ড. সরকার সুজিত কুমার, প্রফেসর ড. এম. ফায়েক উজ্জামান, প্রফেসর ড. মো. এন্তাজুল হক, প্রফেসর ড. মো. মাহবুবর রহমানসহ অন্যান্য সদস্য।