বড় লক্ষ্য অর্জনে কিছু ক্ষতি মানতে হবে: ব্যবসায়ীদের হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, “বড় লক্ষ্য অর্জনের জন্য আমাদের কিছু ক্ষতি স্বীকার করতে হবে।”
ঢাকার এক হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) আয়োজিত এক ভোজসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “মানুষের ভোটাধিকার রক্ষার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেই রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ জীবন দিয়েছে, আপনাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষয়-ক্ষতি হয়েছে।”
ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে হাসিনা বলেন, “আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে আলাপ-আলোচনার মাধ্যমে এই ক্ষতি কাটিয়ে ওঠার পদক্ষেপ নেবো। আমরা এমন একটি সরকার গড়তে চাই যারা বাংলাদেশকে আবার সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাবে।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি অ্যান্ডু এল ফথ্রপ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত প্যাট্রিসিয়া এ বিউটেনিস, নির্বাহী পরিচালক এ গাফফার ও অন্যান্য ব্যবসায়ী নেতারা।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আমরা দেশকে শাসনহীনতা, দুর্নীতি ও দলীয়করণ থেকে মুক্তি দিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। নির্বাচনকে সরকার পরিবর্তনের একমাত্র পথ বলে মনে করি।”
হাসিনা অভিযোগ করেন, “বিএনপি-জামাত ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার যে যড়যন্ত্র করেছে তার কারণেই তাদের ক্ষমতা হস্তান্তরের সময় দেশে অস্থির পরিবেশের সৃষ্টি হয়। আমাদের বাধ্য করা হয় আন্দোলনে যেতে। ৭৭ জন মানুষ ভোটাধিকার রক্ষায় জীবন দেয়। এই পরিস্থিতির শিকার হয়েছেন ব্যবসায়ী ও শিল্পপতিরা। ”
তিনি আরও বলেন, “২০০১ সালে আমাদের সরকার দেশের ইতিহাসে সর্বপ্রথম শান্তিপূর্ণ পরিবেশে ক্ষমতা হস্তান্তর করে।”
ক্ষমতায় গেলে দলীয়করণের প্রবণতা রোধে তিনি কি ব্যবস্থা নেবেন-ব্যবসায়ীদের এ প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, “বিএনপির এক এমপিকে বিগত সরকারের আমলে প্রথম মোবাইল কোম্পানির মালিকানা দেওয়া হয়েছে। অথচ আমার আমলে কয়েকটি মোবাইল কোম্পানিকে অনুমতি দেওয়া হলেও তার একটিও আওয়ামী লীগের নেতাদের নয়। বরং বিএনপি নেতারাই এর মালিকানা পেয়েছে।”
হাসিনা বলেন, নীতিমালার ভিত্তিতে সবকিছু করা হলে দলীয়করণের কোন সম্ভাবনা থাকে না।
বিচার বিভাগ প্রশাসন থেকে পৃথক করা হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে একটি কমিটি করা হবে, সেই কমিটি দ্রুত পৃথক করার ব্যবস্থা নেবে। তবে বিচার বিভাগ পৃথকীকরণ চায় না এমন একটি পক্ষও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
”আমাদের সামনে দারিদ্রের মতো চ্যালেঞ্জ রয়েছে তেমনি রয়েছে দক্ষিণ এশিয়ার একটি বিশাল বাজার” উল্লেখ করে হাসিনা ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “গরিব মানুষের ক্রয়ক্ষমতা না বাড়লে আপনারা কার কাছে আপনাদের উৎপাদিত পন্য বিক্রি করবেন?”
শেখ হাসিনা ব্যবসায়ীদের সামনে কয়েকটি নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা ও বাজার তদারকির ব্যবস্থা করা, দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং এদের অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা, প্রত্যেক পরিবারের অন্তত একজন কর্মক্ষম যুবকের জন্য ‘এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম’ চালু, দেশি বিদেশি বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করা এবং সব আন্তর্জাতিক ও বাণিজ্যিক চুক্তির বাস্তবায়ন অব্যাহত রাখা।
