২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহ ধরে জনপ্রশাসনে দুই গুরুত্বপূর্ণ সচিবের পদ শূণ্য

প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূখ্য সচিব ও সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের দু’টি গুরুত্বপূর্ণ পদ প্রায় এক সপ্তাহ ধরে শূণ্য রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সোমবার চারটি মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করা হলেও ওই দু’টি পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। গত ৬ ডিসেম্বর জনপ্রশাসনের সচিব পর্যায়ে রদবদলের ফলে দু’টি পদই খালি হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবু সোলায়মান চৌধুরী অবসরে যাওয়ার পর তার শুণ্য পদে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূখ্য সচিব আলী ইমাম মজুমদারকে নিয়োগ দেয়া হয়। এতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূখ্য সচিবের পদটি শূণ্য হয়।

একই দিন সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরীকে বদলী করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হয়। এরপর থেকে এ পদটিও শূণ্য।

সংস্থাপন মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তরে সচিব না থাকায় অতিরিক্ত সচিব ড. আব্দুস সবুর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে পুরো দায়িত্ব না থাকায় অনেক ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছেন না। এতে প্রশাসনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের দপ্তর থেকে কোন নির্দেশনা না থাকায় ওই পদে কাউকে নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। সুষ্পষ্ট নির্দেশনা পেলেই ওই দু’টি পদেই নিয়োগ দেয়া হবে।

এদিকে সংস্থাপন মন্ত্রণালয়ের জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সচিব (উপসচিব) সৈয়দ আহমেদ এবং আনসার ও ভিডিপির পরিচালক হিসেবে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা কর্ণেল সালাউদ্দিন আহমেদকে প্রত্যাহার করা হয়েছে।

এদের মধ্যে সৈয়দ আহমেদকে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং সেনা কর্মকর্তা সালাউদ্দিনকে তার পূর্বের কর্মস্থলে প্রত্যর্পণ করা হয়েছে।