২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে দলের অংশগ্রহণ নিয়ে শেখ হাসিনার সংশয়

আসন্ন নির্বাচনে দলের অংশগ্রহণের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

হাসিনা বলেন, “নির্বাচন অনিশ্চয়তার দিকে চলে গেছে। নির্বাচনের জন্য অবাধ, সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না হলে আমরা কীভাবে নির্বাচন করবো? কে আমাদের নিশ্চয়তা দেবে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে?”

“নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার পরও এখন ভাবতে হচ্ছে নির্বাচনে যাবো কি যাবো না। আমরা নির্বাচন চাই, কিন্তু সঠিক পরিবেশ নিশ্চিত করতে হবে।”

সোমবার বিকেলে নগরীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘চলমান আন্দোলনের যৌক্তিকতা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওলামা মাশায়েখদের করণীয়’ শীর্ষক ইসলামী ঐক্যজোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভানেত্রী আবারও তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সমালোচনা করে বলেন, “তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন ম্যাডাম খালেদা জিয়ার ইয়েস উদ্দিনে পরিণত হয়েছেন মন্তব্য করে তিনি বলেন, “উপদেষ্টারাই তাকে বিশ্বাস করতে পারছেন না।”

হাসিনা বলেন, “প্রতিটি মুহূর্তে কখন কি হয় এখন সে টেনশন। চারজন উপদেষ্টা পদত্যাগ করেছেন। শুনলাম তিন উপদেষ্টা পদত্যাগপত্র লিখে বসে আছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন সঠিক সময়ে দেশ ও জাতির জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারি।”

শেখ হাসিনা জনগণের সামনে প্রকৃত ইসলামী মূল্যবোধ তুলে ধরতে এবং যারা ইসলামের নামে সন্ত্রাস ও বোমাবাজি করে ইসলামের বদনাম করছে তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে ওলামা মাশায়েখদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “চার দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে।”

আওয়ামী লীগ শ্রমিক সংঘের মতো দাবি করছে বলে খালেদা জিয়া যে বক্তব্য রেখেছেন তার জবাবে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগের জন্ম হয়েছে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে। বিএনপি হলো অবৈধ পিতার অবৈধ দল।”

ঐক্যজোটের চেয়ারম্যান মিজবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম খান, রুহুল আমিন খান, খন্দকার গোলাম মওলা, মনিরুজ্জামান, আওয়ামী লীগের সাহারা খাতুন প্রমুখ।