২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াজউদ্দিনের পরিষদ ছেড়ে গেলেন চার উপদেষ্টা

রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের একক সিদ্ধান্তের প্রতিবাদে চার উপদেষ্টা সোমবার পদত্যাগ করেছেন। এ ঘটনায় দৃশ্যত রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়ে উঠছে। নিজেদের দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হচ্ছেন উল্লেখ করে মাত্র একদিন আগেই তারা এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

অপর ছয় উপদেষ্টা পদত্যাগের এ ঘটনাকে নির্বাচনের অন্তরায় না বললেও আওয়ামী লীগ সংশয় প্রকাশ করে বলেছে, এর মধ্য দিয়ে নির্বাচনের পরিবেশ আরও জটিল হয়ে উঠেছে। শীর্ষ ব্যবসায়ীরাও এ ঘটনায় সংকট আরও বাড়বে বলে আশংকা করছেন। আইনজীবীরা উপদেষ্টাদের পদত্যাগের ফলে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন।

উপদেষ্টা আকবর আলি খান, হাসান মশহুদ চৌধুরী, সিএম শফি সামি এবং সুলতানা কামাল সোমবার সকাল ১১টার দিকে বঙ্গভবনে তাদের পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

এ সংক্রান্ত প্রথম খবরটি সচিবালয় থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বার্তা বিভাগে পাঠান সিনিয়র প্রতিবেদক আহমেদ হাসান দীপু। পরে আরও বিস্তারিত জানান এহসানুল হক বাবু।

পদত্যাগের পর চার উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রাষ্ট্রপতি তাদের বঙ্গভবনে ডেকে পাঠিয়েছিলেন বলে সূত্র জানিয়েছে। তবে উপদেষ্টাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বঙ্গভবনের এ প্রস্তাব তারা গ্রহণ করেননি।

হাসান মশহুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন, “বঙ্গভবনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দিয়েছিলেন, আমি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছি।”

রাজধানীর গুলশানে নিজ বাড়ি থেকে আকবর আলি খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন, “পদত্যাগপত্র দেওয়ার জন্য সকাল ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। প্রথমে সময় দেওয়া হলেও পরে তা বাতিল করে দেওয়া হয়। একারণে রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র দেওয়া হলো না। রাষ্ট্রপতি চারজন উপদেষ্টাকে সময় দিতে পারেন না। সেখানে আমরা থাকবো কীভাবে? আমার পদত্যাগপত্রের অনুলিপি বঙ্গভবনে এবং মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দিয়েছি।”

নিজ বাড়ি থেকে সি এম শফি সামি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।” কারণ জানতে চাইলে তিনি বলেন, “আগেই বলেছিলাম সুষ্ঠু নির্বাচনে ভূমিকা না রাখতে পারলে চলে যাবো। একারণেই পদত্যাগ করছি।”

পদত্যাগের পর সুলতানা কামাল আইন ও সালিশ কেন্দ্রে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমরা কোনো কাজ করতে পারছিলাম না। অনেক পরামর্শ দিয়েছি, কিছুই রাখা হয়নি।”

তিনি বলেন “সেনা মোতায়েনের মানে হলো বেসামরিক প্রশাসন কাজ করতে ব্যর্থ হয়েছে।” একজন মানবাধিকার কর্মী হিসাবে এটা মানতে পারছেন না বলে উল্লেখ করেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, “এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়নি। অনেক ঘাটতি রয়ে গেছে।”

নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে হাসান মশহুদ চৌধুরী টেলিফোনে বলেন, “আমার পক্ষে পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না। বিশেষ করে সেনা মোতায়েনের পর পরিস্থিতি আরো প্রতিকূল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে আমি পদত্যাগে বাধ্য হয়েছি।”

আওয়ামী লীগের প্রতিক্রিয়া

চার উপদেষ্টার পদত্যাগের ঘটনায় নির্বাচনের পরিবেশ আরও জটিল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা।

সোমবার দুপুরের ধানমণ্ডির সুধাসদনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠক শেষে তারা এ মন্তব্য করেন। শেখ হাসিনাও নির্বাচনের ব্যাপারে সংশয় প্রকাশ করে বলেন, এ অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়। বিকেলে ইসলামী ঐক্যজোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা রাষ্ট্রপতির দলীয়করণ ও অবজ্ঞার ‘প্রতিবাদে’ পদত্যাগ করেছেন।

তিনি বলেন, “সংবিধান লংঘন করে রাষ্ট্রপতি যেদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন সেদিন থেকে সংকট শুরু হয়েছে। আমরা প্রথমদিন থেকে একথা বলে এসেছিলাম, চার উপদেষ্টা পদত্যাগের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে।”

পদত্যাগী উপদেষ্টাদের সম্পর্কে জলিল বলেন, তারা নিরপেক্ষভাবে কাজ করার বিভিন্ন প্রচেষ্টা নিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপতির কাছ থেকে তারা কোনো সহযোগিতা পাননি। তারা অসহায় হয়ে পড়েছিলেন। এজন্য আত্মসম্মানবোধ থেকেই তারা পদত্যাগ করেছেন।

তোফায়েল আহমেদ বলেছেন, “আমরা আগেই বলেছিলাম, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন দলীয় লোক। তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছেন।”

তোফায়েল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেও রাষ্ট্রপতি মূলত হাওয়া ভবনের নির্দেশেই একটা উপদেষ্টামণ্ডলীর প্রতিষ্ঠানকে অকার্যকর করেছে।

সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির নিজেরই পদত্যাগ করা উচিত। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেও তিনি দলীয় লোক। রাজনৈতিক সংকট সমাধানে উপদেষ্টারা চেষ্টা করলেও তিনিই প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, চার উপদেষ্টার পদত্যাগ রাষ্ট্রপতির প্রতি তাদের ‘নো কনফিডেন্স’কেই প্রকাশ করে।

চার উপদেষ্টার পদত্যাগের মধ্য দিয়ে দেশে নির্বাচনের পরিবেশ জটিল হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “এ পরিস্থিতিতে আমরা নির্বাচনে যাবো কীভাবে?”

সেনা মোতায়েন প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, রাষ্ট্রপতি কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তার ভাষণে সেটার বিশ্লেষণ তিনি দেননি। তিনি আরও বলেন, “সংবিধান অনুসারে রাষ্ট্রপতি নতুন উপদেষ্টা নিয়োগ দিতে পারেন না। সংবিধান অনুসারে তিনি আগেই ১০জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, নতুন করে নিয়োগ দেবেন কীভাবে?”

বিএনপির প্রতিক্রিয়া

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেন, তিনি আশা করেন পদত্যাগকারী উপদেষ্টারা তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবেন।

সোমবার দুপুরের পর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “উপদেষ্টা পরিষদে বা সংগঠনে কাজ করতে গেলে ভিন্নমত থাকাই স্বাভাবিক। তবে আমি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে অনুরোধ জানাবো যেন তিনি পদত্যাগকারী উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন এবং তারা যেন স্বাভাবিক কাজকর্মে ফিরে আসেন।”

সেনা মোতায়েন সম্পর্কে মান্নান ভূঁইয়া বলেন, রাষ্ট্রপতির সিদ্ধান্তেই সেনা মোতায়েন হয়েছে। উপদেষ্টাদের মধ্যে এ নিয়ে ভিন্নমত থাকলেও শেষপর্যন্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতিকেই নিতে হয়।

এখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব মনে করেন বাকি উপদেষ্টারা

তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টার পদত্যাগের ঘটনা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না বলে মনে করছেন অন্য কয়েক উপদেষ্টা। এদের মধ্যে চারজন মনে করেন, বর্তমান দল দিয়েই যথাসময়ে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব।

উপদেষ্টা বিচারপতি ফজলুল হক বলেন, “ এর ফলে সরকারের কাজ ব্যাহত হওয়ার কোন সুযোগ নেই। কারও সমস্যা থাকলে তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন। এতে কারো কিছু করার নেই।”

উপদেষ্টা আজিজুল হক বলেন, “এ পদত্যাগের ফলে সাময়িক সঙ্কট সৃষ্টি হলেও এর থেকে উত্তরণ সম্ভব, এখনও সময় আছে।”

চার উপদেষ্টার পদত্যাগ তাদের ব্যক্তিগত বিষয় হিসাবে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা ইয়াসমীন মুর্শেদ।

তিনি বলেন, “ আমার বিশ্বাস সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমরা ভূমিকা রাখতে পারব। সংকট সৃষ্টি হবে বলে আমি মনে করি না।”

উপদেষ্টা সুফিয়া রহমান দাবি করেন, বর্তমান পরিস্থিতি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না। টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি কোনো সমস্যা দেখছি না। এখনো আমরা যারা আছি তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।”

চার উপদেষ্টার পদত্যাগের বিষয়ে মন্তব্য করার এখনও সময় হয়নি-একথা জানিয়ে মাহবুবুল আলম বলেন, “কোনো প্রতিক্রিয়া জানাতে হলে আপনাদের ডেকে তা আনুষ্ঠানিকভাবে জানাবো।”

অন্যদিকে, চলমান পরিস্থিতি নিয়ে উপদেষ্টা ধীরাজ কুমার নাথ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “চার উপদেষ্টার পদত্যাগের বিষয়টি সকালেই জেনেছি। এতে খারাপ লাগছে।”

সংকট সৃষ্টি হবে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, এটা আপনারাই ভালো বোঝেন।

সমস্যা দেখছেন না ভারপ্রাপ্ত সিইসিও

চার উপদেষ্টার পদত্যাগের পরও নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে কোন সমস্যা দেখছেন না ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান।

সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন যথাসময়েই হবে ইনশ্ আল্লাহ”।

চার উপদেষ্টার পদত্যাগে ২৩ জানুয়ারি নির্বাচন নিয়ে সংশয়ের মেঘ সোমবার সকাল থেকেই আচ্ছন্ন করে রেখেছিল নির্বাচন কমিশন সচিবালয়কে।

কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সবাই সারাদিন ধরে এ বিষয় নিয়ে আলোচনা করলেও সাংবাদিকদের কাছে মুখ খুলতে রাজি হননি কেউ।

‘রাষ্ট্রপতির একতরফা সিদ্ধান্তের কারণেই এই সঙ্কট’

চার উপদেষ্টার পদত্যাগের ঘটনাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করে এর কারণ হিসেবে প্রধান উপদেষ্টার একের পর এক একতরফা সিদ্ধান্ত নেওয়াকে দায়ী করেছেন তিন আইনজীবী ড. এম জহির, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার শফিক আহমেদ।

ড. এম জহির বলেন, “চারজন চলে গেছেন, ছয়জন যাওয়ার পথে। ওই ছয় জন গেলে ষোলকলা পূর্ণ হবে।”

তিনি বলেন, তবে এতে সংবিধানের কিছু হবে না। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ আরও চারজন উপদেষ্টা নিয়োগ করতে পারেন। তবে কে আসে সেটাই দেখার বিষয়।

উপদেষ্টার পদত্যাগকে অভাবনীয় উল্লেখ করে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, “যে ১০ জন উপদেষ্টা হয়েছেন তারা কেউই দলীয় লোক নন। সবাই সম্মানিত ব্যক্তি। রাষ্ট্রপতি যেভাবে তাদেরকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিচ্ছিলেন তাতে আত্মমর্যাদাশীল কোন ব্যক্তি সেখানে থাকতে পারেন না।”

তিনি আরও বলেন, “চার উপদেষ্টার পদত্যাগের পর নিশ্চয়ই সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হয়েছে। এ পদত্যাগের পর রাষ্ট্রপতির চিন্তা করা উচিত তিনি রাষ্ট্রপতি থাকবেন, না প্রধান উপদেষ্টা থাকবেন, নাকি কোনটাই থাকবেন না।”

ব্যারিস্টার শফিক আহমদ বলেন, “চার উপদেষ্টার চলে যাওয়ার অর্থ দেশে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা ১০ উপদেষ্টা নিয়ে সরকার পরিচালনা করবেন। চার উপদেষ্টা না থাকায় তত্ত্বাবধায়ক সরকার পরিপূর্ণ থাকে না।”

উদ্বিগ্ন ব্যবসায়ী নেতারা

চার উপদেষ্টার পদত্যাগ সংকট আরো জটিল করে তুলবে বলে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা মনে করছেন। উদ্বিগ্ন এসব ব্যবসায়ী নেতা সংকট সমাধানে ক্ষুব্ধ উপদেষ্টাদের সঙ্গে রাষ্ট্রপতিকে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন।

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে টেলিফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “রাষ্ট্রপতি উপদেষ্টাদের সঙ্গে বসতে পারেন এবং গণতন্ত্রের স্বার্থে তাদের পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ জানাতে পারেন।”

বিসিআই সভাপতি একে আজাদ বলেন, “রাষ্ট্রপতি দিন দিন বিতর্কিত হয়ে পড়ছেন। এ পরিস্থিতিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়তে পারে।”

বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “দেশের গণতন্ত্র ও অর্থনীতির স্বার্থে অচিরেই উপদেষ্টাদের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসা উচিত।”

এই পদত্যাগ দুর্ভাগ্যজনক: আনোয়ার চৌধুরী

চার উপদেষ্টার পদত্যাগকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করেছেন ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী।

সোমবার ঢাকা ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “এই ঘটনা অনিশ্চয়তার সৃষ্টি করবে।”

তিনি বলেন, “এ খবরে আমরা বিস্মিত হইনি। তত্ত্বাবধায়ক সরকারের বেশ কয়েকজন সদস্য বেশ কিছু ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন এবং তাদের মাঝে হতাশাও ছিল। তবে চার উপদেষ্টার পদত্যাগ একটি দুর্ভাগ্যজনক ঘটনা যার ফলে তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।”

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এই কূটনীতিক বলেন, “তত্ত্বাবধায়ক সরকার এমন চারজন উপদেষ্টাকে হারালো যারা তাদের সততা এবং পেশাদারিত্বের জন্য প্রশংসিত।”

এদিকে, যুক্তরাষ্ট্রের দূতাবাসের একজন মুখপাত্র সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, যুক্তরাষ্ট্র মনে করে চার উপদেষ্টার পদত্যাগ একটি দুর্ভাগ্যজনক ঘটনা যা নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ধারণার জন্য বিরাট চ্যালেঞ্জ।

তিনি বলেন, “আমরা আশা করি, প্রধান উপদেষ্টা খুব শীগগিরই তাদের সমমর্যাদার এবং তাদের মতো নিরপেক্ষ লোকজনকে ওইসব পদে নিয়োগ দেবেন। দেশের বর্তমান রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে জনগণের দুর্ভোগ লাঘব করতে নতুন ও কার্যকর পদক্ষেপ নেবেন।”

শেয়ার বাজারে দরপতন

চার উপদেষ্টার পদত্যাগের খবর বিনিয়োগকারীদের মাঝে পৌঁছানোর পর সোমবার ঢাকার শেয়ার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহম্মেদ খান বলেন, “শেয়ারে মূল্যে বড় ধরনের পতনের কারণ খুঁজতে গিয়ে আমরা চার উপদেষ্টার পদত্যাগের খবর জানতে পারি।”

ডিজিইএন বা ডিএসই সাধারণ সূচক সোমবার ২৭ দশমিক ১১ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ কমে ১৫৬৬ দশমিক ৮৪ পয়েন্টে পৌঁছায়। আগের দিন রোববার তা ছিল ১৫৯৩ দশমিক ৯৫ পয়েন্ট।

ডিএসই-২০ ব্লু-চিপ শেয়ার সূচক ২৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ কমে ১৩৬৩ দশমিক ১৯ পয়েন্টে পৌঁছায়।

ডিএসআই বা সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫ দশমিক ৯৬ পয়েন্ট বা ১ দশমিক ৯৭ শতাংশ কমে ১২৯১ দশমিক ৮৯ পয়েন্টে দাঁড়ায়।