উপদেষ্টাদের পদত্যাগে নির্বাচন কমিশনে অস্থিরতা
চার উপদেষ্টার পদত্যাগে ২৩ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানেও সংশয় দেখা দিয়েছে। সেই সংশয়ের মেঘ সোমবার সকাল থেকেই আচ্ছন্ন করে রেখেছিল নির্বাচন কমিশন সচিবালয়কে।
কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সকলেই সারাদিন ধরে এ বিষয় নিয়ে আলোচনা করছেন। তবে সাংবাদিকদের কাছে মুখ খুলতে রাজি হননি কেউ।
সকাল পৌনে ১০ টায় জামায়াত নেতা সাবেক সাংসদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী নির্বাচন কমিশনার স ম জাকারিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
আওয়ামী লীগ যে দুই নির্বাচন কমিশনারের অপসারণ চেয়েছিলেন স ম জাকারিয়া হলেন তাদেরই একজন।
আধঘন্টার সাক্ষাত শেষে দেলোয়ার হোসেন সাঈদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন “এলাকার নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেছি। অন্য কোনো রাজনৈতিক বিষয়ে নয়।”
বেলা ১১টার দিকে বিদেশী সাহায্য সংস্থা ডিএফআইডির একটি তিন সদস্যের প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষণ সেল প্রধান উপসচিব ফরিদ আহমেদ ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
