সাবেক ৯ সেনা কর্মকর্তা বিএনপিতে যোগ দিলেন
ব্রিগেডিয়ার জে. (অব.) ডা. এম আর খানের নেতৃত্বে সাবেক ৯ সেনা কর্মকর্তা বনানীর হাওয়া ভবনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দিয়েছেন।
তাদেরকে বিএনপিতে স্বাগত জানিয়ে খালেদা জিয়া বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা কর্মজীবন সাফল্যের সঙ্গে কর্মজীবন কাটিয়ে এখন দেশের সেবায় এই দলে যোগ দিতে এসেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনীর অধুনিকায়ন করে একটি সুশৃংখল ও শক্তিশালী বাহিনীতে পরিণত করেছিলেন। আপনারা সেই বাহিনীর গর্বিত কর্মকর্তা।”
তিনি জিয়াউর রহমান এবং তাঁর সময়ে সেনাবাহিনীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, “সেনাবাহিনী দেশের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় যেভাবে অতন্দ্র প্রহরীর মত কাজ করছে, তেমনি আপনারও মেধা ও মনন দিয়ে এই দলের জন্য কাজ করবেন।”
এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া।
যোগদানকারীদের মধ্যে ছিলেন লে.ক.(অব.) সৈয়দ মোহাম্মদ হোসাইন সাঈদ, মেজর (অব.) শরিফ হোসেন মুকুল, মেজর (অব.) গোলাম মোর্শেদ প্রমুখ।
