২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়েন করে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, “রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সেনা মোতায়েন করে অন্যায় করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। যদি বেঁচে থাকি তাহলে রাষ্ট্রপতি পার পাবেন না। উনি বেগম সাহেবের হুকুমে চলবেন তা হবে না।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

শেখ হাসিনা অভিযোগ করেন, রাষ্ট্রপতি উপদেষ্টাদের মতামত গ্রাহ্য করে একক সিদ্ধান্তে অনাকাঙ্খিতভাবে সেনাবাহিনী মোতায়েন করেছেন । তিনি উপদেষ্টাদের আস্থা হারিয়েছেন ।

সেনাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, “চোর পাহারা দেওয়া সেনাবাহিনীর দায়িত্ব নয়। সেনাবাহিনীর দায়িত্ব দেশ পাহারা দেওয়া।”

অবশ্য এ মুহূর্তে হাসিনা সেনাবাহিনী প্রত্যাহারের কোনো দাবি করেননি। পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, উপদেষ্টাদের প্রতিশ্রুত গুচ্ছ প্রস্তাব বাস্তবায়নের দাবিতে আগামী ১২ ডিসেম্বর ঢাকাসহ সব জেলা-উপজেলায় মিছিল ও সমাবেশ হবে।

রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক ও ১৪ দলের যৌথসভা শেষে ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা অবিলম্বে উপদেষ্টাদের প্রস্তাবসমূহ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন , উপদেষ্টাদের প্রচেষ্টা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে ।

হাসিনা বলেন, “আমরা নির্বাচন চাই তবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি রাষ্ট্রপতির সমালোচনা করে বলেন, “রাষ্ট্রপতি কার নির্দেশে এভাবে সেনাবাহিনীকে নিয়ে পুতুল খেলছেন? কারা রাষ্ট্রপতিকে ব্যবহার করে সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাচ্ছেন?”

হাসিনার মতে, দেশে এখন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে, সেনা মোতায়েন করতে হবে।

তিনি বলেন , সেনাবাহিনী যখন শীতকালীন মহড়ায় নিজেদের দক্ষতা বাড়ানোর কাজে ব্যস্ত তখন মহড়া বন্ধ করে রাষ্ট্রপতি তাদেরকে পুলিশ ও বিডিআরের কাজ করার দায়িত্ব দিলো কার স্বার্থে ?

হাসিনা অভিযোগ করেন, রাষ্ট্রপতি বিএনপি-জামাতের ভোটচুরির ষড়যন্ত্র সফল করতে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন । সেনাবাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর কৌশল নেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রী অভিযোগ করেন , যখনই তারা উপদেষ্টাদের কোনো প্রস্তাবে রাজী হয়েছেন তখনই খালেদা জিয়া রাষ্ট্রপতিকে দিয়ে সে প্রস্তাব পাল্টে দিয়েছেন ।

সেনাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, “ছেঁড়া গেঞ্জি ও ভাঙা স্যুটকেসের পরিবার দেশের একনম্বর লুটেরা ও ধনী পরিবারে পরিণত হয়েছে।

হাসিনা আরো বলেন, “এ চোরদের পাহারা দেওয়া এবং চোরদের সম্পদের হেফাজত করা এবং ভবিষ্যতে আরো চুরির সুযোগ করে দেওয়া সেনাবাহিনীর কাজ নয়।”

সেনাসদস্যদের উদ্দেশে হাসিনা বলেন, “একবার নিজেদের পরিবারের দিকে তাকান আর অন্যদিকে দুর্নীতিবাজদের সম্পদের দিকে তাকান তাহলেই হিসাব মিলে যাবে। সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান থাকলো বিএনপি জামাতের তৈরি করা তালিকা নয়, গত পাঁচ বছরে সব পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে নিজের বিবেক দিয়ে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের তালিকা করুন।তাদের গ্রেফতার করুন । অবৈধ অস্ত্র উদ্ধার করুন ।”

সাবেক বিরোধীদলীয় নেত্রী সেনাসদস্যদের উদ্দেশে বলেন ,“আওয়ামী লীগসহ ১৪দল,জাতীয় পার্টি,এলডিপি,জাকের পার্টি,ইসলামী ঐক্যজোটসহ আন্দোলনরত অন্যান্য দলের নেতা-কর্মীদের ওপর কোনো প্রকার অন্যায়-অত্যাচার ও নির্যাতন-হুমকি জনগণ বরদাস্ত করবে না ।”

শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী,দুর্নীতিবাজ ও অবৈধ অস্ত্রধারীদের ধরলে জনগণ সেনাসদস্যদের বাহবা দেবে । চোরদের রক্ষা করতে চাইলে জনগণ তাদের পছন্দ করবে না ।

বর্তমান নির্বাচন কমিশন দিয়ে একটি ত্রুটিমুক্ত ও সঠিক ভোটার তালিকা হালনাগাদ সম্ভব নয়-এ অভিযোগ করে শেখ হাসিনা বলেন , ভোটার তালিকা হালনাগাদ করে সংবিধান মোতাবেক নির্বাচন করতে হবে । কোনো ধরনের গাফলতি বরদাস্ত করা হবে না ।

আওয়ামী লীগ সভানেত্রী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন , মানুষের ভোটের অধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে । ডাক দেওয়া মাত্র বঙ্গভবন ঘেরাও করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে ।

হাতে দু’দিন সময় রেখে কেন কর্মসূচী ঘোষনা করা হলো তা জানতে চাইলে শেখ হাসিনা বলেন, “ভোটার তালিকা সংশোধনের কাজে নিয়োজিত নেতা কর্মীদের এই মুহুর্তেই আমরা মাঠ থেকে তুলতে চাই না। আর উপেদষ্টাদেরও তো কিছূ দায়িত্ব আছে। দেখি না তারা কী করেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জিল্লুর রহমান,আমির হোসেন আমু,আব্দুর রাজ্জাক,রাশেদ খান মেনন,তোফায়েল আহমেদ,আব্দুল জলিল,সুরঞ্জিত সেনগুপ্ত,হাসানুল হক ইনু প্রমুখ ।