ভোটের তারিখ পরিবর্তনের কথা বিবেচনা করবে ইসি
স্বরস্বতী পূজার কারণে জাতীয় নির্বাচনের তারিখ ২৩ জানুয়ারি পরিবর্তন করা যায় কিনা তা বিবেচনা করে দেখবে নির্বাচন কমিশন।
কমিশন সচিব আব্দুর রশীদ সরকার রোববার দুপুর আড়াইটায় তার কক্ষে সাংবাদিকদের বলেন, “প্রথমে আমরা ২১ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছিলাম। পরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ২৩ জানুয়ারি তারিখ ঠিক করা হয়। কিন্তু সে সময় আমাদের হাতে ২০০৭ সালের সরকারি ক্যালেন্ডার ছিল না।”
তিনি আরো বলেন, “এখন স্বরস্বতী পূজার কারণে ভোটের তারিখ পরিবর্তন করা যায় কিনা সেটা আমরা ভেবে দেখছি। আগে বড় দুই দলের সঙ্গে আলোচনা করতে হবে। পরে নির্বাচন কমিশন আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
এর আগে সকালে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে দেখা করে অধ্যাপক নিমচন্দ্র ভৌমিকের নেতৃত্বে পূজা উদযাপন কমিটি নির্বাচনের তারিখ ২৩ জানুয়ারি পরিবর্তন করার অনুরোধ জানায়। সচিবের সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের বলেন,“ এবার ২৩ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের দিনই স্বরস্বতী পূজা হতে যাচ্ছে। এই দিনে আমরা গুরুজনদের শ্রদ্ধা জানিয়ে থাকি। তাই সার্বজনিন এই পূজার দিনটি আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।”
তিনি আরো বলেন, স্বরস্বতি পূজা উপলক্ষে অনেক-স্কুল কলেজ বন্ধ থাকে। অনেকে আবার বাসাতেই এই পূজা করে থাকে। কাজেই অনেকে ওই দিন ভোটকেন্দ্রে যেতে পারবেন না।
এদিকে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দলও রোববার কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে সাক্ষাত করে।
সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নানের নেতৃত্বে প্রতিনিধি দলটি আব্দুর রশীদ সরকারের সঙ্গে দেখা করে সোয়া ১২ টার দিকে। তারা দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের একটি চিঠিও হস্তান্তর করেন।
আধ ঘন্টার সাক্ষাত শেষে ওই চিঠির বিষয়বস্তু ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে আলোচনা করা আমার দায়িত্ব নয়। এ নিয়ে আলোচনাও হয়নি। ভোটার তালিকা হালনাগাদ করার সমস্যা এবং এ ব্যাপারে প্রচার-প্রচারণা নিয়ে আলোচনা হয়েছে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল। অতীতে সব সময় তারা নির্বাচনে অংশ নিয়েছে। এবারও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়। এ জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। আর সুষ্ঠু নির্বাচনের জন্য কিভাবে অনুকূল পরিবেশ সৃষ্টি করা যায় সে ব্যাপারে আমরা কমিশন সচিবের সঙ্গে আলোচনা করেছি।”
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সচিবের কাছে কিছু অভিযোগ করা হয়েছে। কিছু সমস্যাও তার নজরে আনা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন কমিশন সচিব আমাদের কাছে স্বীকার করেছেন যে ভোটার তালিকা হালনাগাদ করা নিয়ে প্রচার-প্রচারণা অনেক কম হয়েছে। অনেক জায়গাতেই এ সংক্রান্ত পর্যাপ্ত ফরম নেই।”
আব্দুল মান্নান বলেন, “ এ ব্যাপারে আমরা কিছু প্রস্তাব দিয়েছি। তারা সেই প্রস্তাব মেনে নিয়ে বলেছেন যে নির্বাচন কমিশন শিগগিরই মাঠপর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের এ ব্যাপারে দিকনির্দেশনা দেবেন।”
তিনি বলেন, “দিকনির্দেশনায় বলা হবে, যে কেউ চাইলেই নিজ খরচে ফরম ছাপতে পারবেন বা ফটোকপি করতে পারবেন।”
“ভোটার তালিকা হালনাগাদ করার চেয়ে নির্বাচন কমিশন অতিরিক্ত ভোটারের নাম কাটতেই যে বেশি আগ্রহী সেই বিষয়টিও আমরা তাদের নজরে এনেছি” উল্লেখ করে তিনি বলেন, “বাদ পড়া ভোটারদের অন্তর্ভূক্তির বিষয়টির ওপর জোর দেওয়ার জন্যও তাদের অনুরোধ করেছি।”
পরে কমিশন সচিব আব্দুর রশীদ স্বীকার করেন, ৮ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন ও হাল নাগাদ করার কাজে বেশ কিছু অনিয়ম ও ঘাটতি রয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হালনাগাদ ভোটার তালিকা থেকে বাড়তি ভোটারের নাম কাটার পাশাপাশি নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
তালিকা সংশোধনের জন্য যেসব জায়গায় ফরম সংকট রয়েছে সেসব জায়গায় ফরমের ফটোকপি করে কাজ চালানো যেতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, এজন্য নির্বাচন কমিশন কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
২৫ শতাংশ হিন্দু ভোটার এবার ভোটার হতে পারেননি বলে যে অভিযোগ উঠেছে এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য নেই। সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা বিষয়টি যাচাই করে দেখবো।
ভোটার তালিকা সংশোধণের তৃতীয় দিন রোববার বেশ ভালভাবেই অতিবাহিত হচ্ছে বলে সচিব দাবি করেন। তবে দু’একটা জায়গায় অভিযোগ উঠেছে উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামে ২০০০ ভোটারের নাম কাটার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ এসেছে।
তিনি বলেন, যারা এলাকায় নেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে । কোন স্থানে নতুন কেউ এলে এবং তার ভোটার হওয়ার যোগ্যতা থাকলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
