জনপ্রশাসনে আরো রদবদল
জনপ্রশাসনে একজন অতিরিক্ত সচিবসহ ও উপ সচিব পর্যায়ে আরো রদবদল হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবারের তারিখ দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে রোববার এসব আদেশ জারি করা হয়।
সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত সচিব আবুল কাশেমকে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) ম্যানেজমেন্ট কাউন্সিলর এবিএম রাশেদুল হাসানকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপ-প্রেস সচিব এবং বাংলাদেশ বেতারের পাণ্ডুলিপি লেখক একে সাইদুর রহমানকে একই কার্যালয়ের সহকারী প্রেস সচিব নিয়োগ করা হয়েছে।
এতদিন সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ দায়িত্বে (ওএসডি) থাকা উপসচিব মুনীর হোসেনকে রাজশাহী রেশম বোর্ডের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব আসমাউল হোসেনকে মৎস্য ও পশুসম্পদ তথ্য দপ্তরের উপ-পরিচালক ও ওএসডি উপসচিব ডা. জহিরুদ্দিন খানকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
ওএসডি উপসচিব ডিএম গোলাম ফারুককে ঢাকা সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা, ওএসডি উপসচিব আহসান আব্দুল্লাহকে শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরোর পরিচালক, ওএসডি উপসচিব জাকির হোসেন আকন্দকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর হিসাবরক্ষণ কর্মকর্তা কবির আহমাদ চৌধুরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের হিসাব রক্ষণ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
