২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়েনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত সঠিক: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, দেশ, জাতি ও নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েন করে রাষ্ট্রপতি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক প্রেস ব্রিফিং-এ তিনি বলেন, “নির্বাচনের আগে সব সময়ই সেনা মোতায়েন হয়। এবার একটু আগে হয়েছে। বাস্তব অবস্থার প্রেক্ষিতে রাষ্ট্রপতি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তা না হলে দেশের অর্থনীতি বিপর্যস্ত হতো, জনগণের দুর্ভোগ বাড়তো।”

মান্নান ভূঁইয়া আরো বলেন, “১৪ দলের একের পর এক দাবি পূরণের পরও তারা যখন রাষ্ট্রীয় ঐক্য ও সম্মানের প্রতীক বঙ্গভবন ঘেরাও কর্মসূচি দেয়, লাঠি, বৈঠা আনার কথা বলে তখন রাষ্ট্রপতির বসে থাকার কোনো সুযোগ নেই।”

তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, “সেনা মোতায়েনের ফলে দেশের আইনশৃংখলা স্বাভাবিক এবং জন জীবনে স্বস্তি ফিরে আসবে। ভোটাররা নিজের ভোট নিজেই দেওয়ার সুযোগ পাবে।”

একই সঙ্গে তিনি আগামী নির্বাচনে সব দলই অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব নির্বাচন কমিশন পুনর্গঠন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, “তাদের দাবি অনুযায়ী কমিশনের যথেষ্ঠ পুনর্গঠন হয়েছে। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ীই নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন।”

স ম জাকারিয়ার অপসারণে বিএনপির আপত্তি কেনো-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাংবিধানিক পদ থেকে কাউকে সরানোর সুযোগ নেই। স ম জাকারিয়ার দোষটা কোথায়? আওয়ামী লীগের সময়ও তিনি কমিশনে উচ্চ পদে চাকরি করেছেন। মূলত ১৪ দলের দাবির কোনো শেষ নেই।”

মান্নান ভূঁইয়া ১৪ দলের আন্দোলনের সমালোচনা করে বলেন, “তারা আন্দোলনের নামে দেশের আইনশৃংখলা বিনষ্ট করেছে, জাতীয় পতাকায় আগুন লাগিয়েছে এবং প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের অফিস ভেঙেছে। এটা গণতন্ত্রের জন্য হুমকি। এই অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনের একটু আগে সেনা মোতায়েনে বাধ্য হয়েছেন বলে আমি মনে করি।”

এ সময় উপস্থিত ছিলেন আশরাফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, মফিদুল হাসান তৃপ্তি প্রমুখ।

এদিকে মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সভায় শহীদ বুদ্ধিজীবী ও স্বাধীনতা দিবস উপলক্ষে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিজয় র‌্যালি।