২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়নের সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছি: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, সেনা মোতায়নের সিদ্ধান্ত নিয়ে তিনি উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 12:58 AM

Updated : 26 Apr 2022, 04:08 PM

রোববার রাতে জাতির উদ্দেশে দেওয়া ১৮ মিনিটের ভাষণে তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনী মোতায়েনের প্রেক্ষাপট ও যৌক্তিকতা তুলে ধরেন।

এর আগে রোববার দুপুরে অন্তত চারজন উপদেষ্টা সেনা মোতায়েনে রাষ্ট্রপতির সিদ্ধান্তের সঙ্গে একমত নন বলে প্রকাশ্যে মন্তব্য করেন।

এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভাষণের প্রতিক্রিয়ায় বলেছেন, “অসত্য ও কাল্পনিক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা মোতায়েন করতে হবে। সেনা বাহিনীকে নামানোর মানে হলো খালেদা জিয়া নির্বাচনকে সামনে রেখে দলীয় ব্যক্তি হিসেবে সেনা বাহিনীকে ব্যবহার করবেন।”

রাত ১১ টা ১০ মিনিট থেকে ২৮ মিনিট পর্যন্ত দেয়া ভাষণে রাষ্ট্রপতি বলেন, “একের পর এক রাজনৈতিক কর্মসূচি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত থাকায় দেশে হঠাৎ করে চুরি, ডাকাতি, রাহাজানি ও ছিনতাই বেড়ে যায়। এ অবস্থায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়।”

তিনি বলেন, “আমাদের সেনাবাহিনী যদি বিদেশে গিয়ে সাফল্যের সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে, তাহলে স্বদেশে শান্তি প্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখতে পারবে না কেন?”

তত্ত্বাবধায়ক সরকারের সামনে সংবিধানের বেঁধে দেয়া ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহায়তার বিকল্প নেই উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “আশার কথা হচ্ছে প্রধান সব রাজনৈতিক দলই ৯০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নিতে রাজী হয়েছে।”

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাজে হস্তক্ষেপ সরকারের এখতিয়ার বর্হিভূত উল্লেখ করে ইয়াজউদ্দিন বলেন, “এই সীমাবদ্ধতা সত্ত্বেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার সরকার নির্বাচন কমিশন পূনর্গঠনসহ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর কাছে সমঝোতার প্রস্তাব দেয়।”

তিনি দাবি করেন, প্রস্তাবের আওতায় নির্বাচন কমিশনার স ম জাকারিয়ার বিষয়টি মীমাংসিত হওয়ার পরও তার অপসারণের দাবিতে আলটিমেটাম দেয়া হয়। নবনিযুক্ত নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরীর ব্যাপারেও আপত্তি করা হলে তাকেও ছুটিতে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়।

সংকট কাটাতে উপদেষ্টা পরিষদের প্রস্তাবের আওতায় স্বরাষ্ট্র ও সংস্থাপন মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব বদল করতে বলা হলে তাও করা হয়।

তিনি বলেন, “আমি আশা করেছিলাম এর মাধ্যমে সমস্যার ইতি ঘটবে।”

তিনি আরো বলেন, “নির্বাচনী তফসিল ঘোষণা এবং ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হওয়ায় দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। উপযোগী সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এনে জনমনে নিরাপত্তা বোধ নিশ্চিত করতে শীতকালীন মহড়ায় ব্যস্ত সেনা সদস্যদের জাতীয় কর্তব্যে নিয়োজিত করা হয়েছে।”

রাষ্ট্রপতি বলেন, “এর আগে সব সরকারের আমলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, সন্ত্রাস দমন, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিজিএফ কার্ড বিতরণ এবং ঢাকা মহানগরীতে পানীয় জলের ব্যবস্থাপনাসহ বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছিলো। সশস্ত্র বাহিনী আমাদের জাতীয় প্রতিষ্ঠান। কোনো দল বা গোষ্ঠীর নয়। তাই তাদের কর্তব্য পালনে সহযোগিতার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।”

তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেয়ার পর তৃতীয় ভাষণেও রাষ্ট্রপতি তার প্রধান উপদেষ্টার পদ গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর অবস্থান ছিল যে, বিচারপতি কেএম হাসান প্রধান উপদেষ্টার দায়িত্ব না নিলেই সংকট কেটে যাবে। আলোচনার মাধ্যমে এই দাবি পূরণ করা হলেও একের পর এক নতুন দাবি আসতে থাকে। দাবি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজকে ছুটিতে পাঠানোর পরও নতুন করে আন্দোলন শুরু করা হয়।”

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তার সরকারের গৃহীত পদক্ষেপের বর্ণনা দিয়ে রাষ্ট্রপতি বলেন, “একটি দলের আপত্তি সত্বেও ঢালাওভাবে সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে এবং পুলিশ ও অনান্য বাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।”

আগের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যতগুলো মন্ত্রণালয় হাতে রেখেছিলেন তিনি তার একটিও বেশি রাখেননি দাবি করে ইয়াজউদ্দিন বলেন, আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য উপদেষ্টার কাছে ছেড়ে দিয়েছি।”

নতুন পরিস্থিতিতে সব দল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।