রাষ্ট্রদোহ মামলায় ৭ আইনজীবীর অন্তবর্তীকালীন জামিন
সুপ্রিম কোর্টে ভাঙচুরের ঘটনায় পৃথক দু’টি রাষ্ট্রদ্রোহ মামলায় আমীর উল ইসলাম এবং রোকনউদ্দিন মাহমুদসহ সাত আইনজীবীকে আগাম ও অন্তর্বতীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. রইস উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ জামিন মঞ্জুর করে। জামিন পাওয়া অন্য আইনজীবীরা হলেন এনায়েতুর রহিম, সুব্রত চৌধুরী, শেখ আওসাফুর রহমান, খসরুজ্জামান ও সুব্রত সাহা। তাদের কেন স্থায়ী জামিন দেয়া হবে না তার কারণ দর্শানোর জন্য আদালত সরকারের প্রতি রুল জারি করেন।
এদিকে রোববার পুলিশী প্রহরায় বিচারপতিরা বিচারকাজে যোগ দিয়েছেন। নিরাপত্তার জন্য পুরো আদালত এলাকায় মোতায়েন করা হয় ১০ প্লাটুন পুলিশ। তবে প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আদালত বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছে।
গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে রিট পিটিশনের ওপর হাইকোর্ট আদেশ দেয়ার সময় প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন মামলার কার্যক্রম বন্ধ করে দেন। এর প্রতিবাদে ও প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে সমিতি তাঁর আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়।
ওই দিন সুপ্রিম কোর্টে ব্যাপক ভাংচুরের ঘটনায় প্রধান বিচারপতি গত ৩, ৪ ও ৫ ডিসেম্বর তার হেয়ার রোডের বাড়িতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করে ৫, ৬ ও ৭ ডিসেম্বর তিনদিন বিচারকাজ থেকে বিরত থাকা ছাড়াও রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেন।
৪ ডিসেম্বর সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের জামাতা ব্যারিস্টার ওমর সাদাত ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন। এর একদিন পর ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের কোর্ট কিপার রফিকুল ইসলাম শাহবাগ থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন।
সুপ্রিম কোর্ট এক সপ্তাহ অচল থাকার পর রোববার বিচার কার্যক্রম শুরু হলে মামলায় অভিযুক্ত আইনজীবীরা জামিনের জন্য আদালতে যান। ড. কামাল হোসেন ও ব্যারিস্টার তানিয়া আমীর বিদেশে থাকায় আদালত তাদের বাদ দিয়ে বাকি সাতজনের জামিন মঞ্জুর করে।
জমিন পাওয়ার পর রোকনউদ্দিন মাহমুদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আইনজীবীদের জামিন দিয়ে সুপ্রিম কোর্ট তার সুমহান ঐতিহ্য বজায় রেখেছে। তিনি সুপ্রিম কোর্টকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এদিকে ৩০ নভেম্বরের ঘটনায় বিচারপতি আওলাদ আলী এবং বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের আরেকটি বেঞ্চ বিশ্বজিত রায়, সৈয়দ মামুন মাহবুবসহ ১১ আইনজীবীকে আইনগত প্রক্রিয়া ছাড়া গ্রেফতার না করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে।
