সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইতিবাচক: খন্দকার মোশাররফ হোসেন
সেনা মোতায়েনের সিদ্ধান্তকে ইতিবাচক বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার সকাল ১১টায় টেলিফোনে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, “নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সেনা মোতায়েন হয়েছে। আমরা প্রথম থেকে বলে আসছি যে, তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম কাজ হচ্ছে দেশে একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা এবং দেশের মানুষের জান-মালের নিরাপত্তা বিধানে যথাযথ ব্যবস্থা নেওয়া।”
আওয়ামী লীগের সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “একটি রাজনৈতিক দল ও জোট অবরোধ কর্মসূচির নামে যেভাবে দেশের অর্থনীতি ধ্বংস করছে, স্বাভাবিক জনজীবনকে হুমকির মুখোমুখি করেছে, তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন, তা নিশ্চিত করুন। কোনো দল বা মহলের চাপে কাছে আর নতি স্বীকার করা ঠিক হবে না।”
তবে দুপুর একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।
