সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি
সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী দেশে সেনা মোতায়েনের বিভিন্ন দিক ও প্রক্রিয়া নিয়ে শনিবার মধ্য রাতে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছেন। এ খবর লেখা পর্যন্ত (রাত ৩ টা) বৈঠক চলছিল।
এর আগে রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন আহম্মেদ সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেন। শনিবার রাতে বঙ্গভবনে বসা বৈঠকে উপদেষ্টাদের তিনি সেনা মোতায়েনে তার সিদ্ধান্তের কথা জানান। তবে এক্ষেত্রে উপদেষ্টাদের আপত্তি ও মতামতকে তিনি আমলে নেননি।
কয়েকজন উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে শনিবার রাতে জানিয়েছেন, তাঁর এ সিদ্ধান্তে ১০ উপদেষ্টার কেউই সম্মতি জানাননি।
রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে ফৌজদারী কার্যবিধির অধীনে বেসরকারি প্রশাসনকে সহায়তা করার জন্য সরকার সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জান-মাল রক্ষা এবং স্বাভাবিক জীবন যাত্রা অব্যাহত রাখতে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা অনুভবের প্রেক্ষিতে রাষ্ট্রপতি এ সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট প্রস্তুত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সব জেলা প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশনা পাঠিয়েছে।
সেনা মোতায়েন কি প্রক্রিয়ায় এবং কিভাবে করা হবে তা নির্ধারণে শনিবার রাতে সেনা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন।
উপদেষ্টা ইয়াসমিন মুর্শেদ রাষ্ট্রপতির সিদ্ধান্তের কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “রাষ্ট্রপতি আমাদেরকে বলেছেন, আমি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি আপনাদের অবহিত করলাম।"
সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন, “সেনাবাহিনী নেমে যদি সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে আমরা তাদের অভিনন্দন জানাবো।”
রাজনৈতিক অচলাবস্থা
মূলতঃ নির্বাচন কমিশনের পুনর্গঠনকে কেন্দ্র করেই রাজনৈতিক অঙ্গন আবার উত্তপ্ত।
শীর্ষ কর্মকর্তাসহ প্রশাসনে রদবদল, নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণ ও ভোটার তালিকার সংস্কার বিষয়ে মোটামুটি একটা মীমাংসায় পৌঁছানো গেলেও গোল বেঁধেছে নির্বাচন কমিশন নিয়ে।
একজন নতুন কমিশনার নিয়োগ এবং কমিশনার স ম জাকারিয়া ও মোদাব্বির হোসেন চৌধুরীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত ঝুলে আছে। আগে রাজী থাকলেও এখন ছুটিতে যাওয়ার বিষয়ে বেঁকে বসেছেন প্রথম জন।
এই পরিস্থিতিতে রাজধানীর একটি হোটেলে শুক্রবার ১৪ দল, এলডিপি, জাকের পার্টি ও তরিকত ফেডোরেশনের এক যৌথ প্রেস ব্রিফিং-এ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, উপদেষ্টাদের সঙ্গে যেভাবে আলোচনা হয়েছিল ঠিক সেভাবে প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হয়নি। কিছু খণ্ডিত সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে মাত্র।
তিনি বলেন,“আমরা নির্বাচন চাই। ২৪ ঘন্টার মধ্যে প্যাকেজের বাস্তবায়ন চাই।”
বৃহস্পতিবার রাতে দলের এক সভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উপদেষ্টাদের দেওয়া প্রস্তাব বাস্তবায়ন না করা হলে ২০ লাখ লোক নিয়ে এসে বঙ্গভবন ঘেরাওয়ের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।
শনিবার রাতে সংকট সমাধানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগের কাছে যে বিকল্প প্রস্তাব দিয়েছেন তা গ্রহণযোগ্য নয় বলে জানান দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল।
এ তিনি বলেন, “উপদেষ্টারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে এই প্রস্তাব দিয়েছেন। আমরা কাল পর্যন্ত পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবো, তারপর দেশবাসীকে আমাদের সিদ্ধান্ত জানাবো।”
১৪ দল রোববার বঙ্গভবন ঘেরাও করবে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর প্রচার করা হয়েছে তা সত্য নয় বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন।
জলিল বলেন, “উপদেষ্টারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে এই প্রস্তাব দিয়েছেন। আমরা কাল পর্যন্ত পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবো, তারপর দেশবাসীকে আমাদের সিদ্ধান্ত জানাবো।”
২৪ ঘন্টার মধ্যে প্যাকেজ বাস্তবায়নে ১৪ দলের আলটিমেটাম সম্পর্কে প্রতিক্রিয়ায় শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেন,“কে নির্বাচনে এলো না এলো তা দেখার আর কোনো সুযোগ নেই। ৯০ দিনের মধ্যেই নির্বাচন চাই।”
তিনি পাল্টা হুমকি দিয়ে বলেছেন, ১৪ দল যদি ঢাকা শহরে ২০ লাখ লোক জড়ো করতে পারে তাহলে আমরাও ৪০ লাখ লোকের সমাবেশ ঘটাতে পারি।”
বিএনপি মহাসচিব ১৪ দলের আর কোনো ‘অযৌক্তিক’ দাবি না মানার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানান।
সংকটের জোট খুলতে গতকালও বঙ্গভবনে কয়েক দফা বৈঠক হয়। পরে শনিবার রাতে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, সংকট অবসানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রক্রিয়া ব্যাহত হলে পুরো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্থ হবে।
তিনি বলেন, “আপনারা তো জানেন সরকার একটা জায়গায় আটকে আছে, তবে সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ”
তিনি আশা প্রকাশ করেন সংকট কেটে যাবে। কিন্তু এই পরিস্থিতির প্রেক্ষাপটে শনিবার রাতে রাষ্ট্রপতি সেনা মোতায়েনের একক সিদ্ধান্ত নেন।
এর আগে ১২ নভেম্বর দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে জেলা ম্যাজিস্ট্রেসির অধীনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের একটি সিদ্ধান্ত হয়েছিল।
রোববার দুপুরে এ সংক্রান্ত একটি নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৬৪টি জেলা প্রশাসনে পাঠিয়ে দেওয়া হয়।
১২ নভেম্বরও সেনা মোতায়েনের প্রজ্ঞাপন জারি হয়েছিল
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এস এম জহুরুল ইসলাম স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, “দেশে উদ্ভুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার নিমিত্তে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মোতায়েনকৃত সামরিক বাহিনীর কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট প্রস্তুত রাখা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদানের নির্দেশক্রমে অনুরোধ করা হলো”।
চিঠির বিষয়বস্তু হিসেবে বলা হয় “আইন-শৃঙ্খলা সহায়তায় আইন রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদানের জন্য নিয়োজিত সামরিক বাহিনীর কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রসঙ্গে”।
অবশ্য সেনা মোতায়েনের এ নির্দেশ অস্বীকার করে আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর।
