প্যাকেজ বাস্তবায়ন করা হলেই আন্দোলন: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনো প্যাকেজ প্রস্তাব বাস্তবায়ন করতে হলে বিএনপি ও চারদলের সাথে আলোচনা করতে হবে। অন্যথায় রাস্তায় নামার হুমকি দিয়ে তিনি বলেছেন, “আমরাও রাজধানীতে লাখ লাখ লোকের সমাবেশ ঘটাবো।”
মুক্তাঙ্গনে শনিবার বিকেলে মহানগর চারদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুমকি দেন। সোমবার থেকে বুধবার পর্যন্ত সারাদেশে ওর্য়াড, ইউনিয়ন ও থানায় নির্বাচনী সভা-সমাবেশ আয়োজনেরও কর্মসূচি ঘোষণা করেন তিনি।
মান্নান ভূঁইয়া অভিযোগ করেন,“১৪ দল দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির জন্য নির্বাচন পেছানোর দাবি করছে। কিন্তু সংবিধান অনুযায়ী নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।”
তিনি ১৪ দলের প্রতি কর্মসূচি প্রত্যাহার করে নির্বাচনে আসারও আহ্বান জানান।
মহানগর বিএনপি সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাড. মাহবুবউদ্দিন আহমাদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এম কামারুজ্জামান, এটিএম আজাহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী , অধ্যাপক আহম্মেদ আব্দুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন, হাবিবুল্লাহ বেলালী প্রমুখ।
মান্নান ভূঁইয়া বলেন,“নির্বাচনে জয়ী হতে পারবে না বলেই ১৪ দল একটার পর একটা দাবি পূরণের আবদার করছে। তত্ত্বাবধায়ক সরকারের উচিত এসব দাবির দিকে নজর না দিয়ে নির্বাচন কমিশনকে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা।”
তত্ত্বাবধায়ক সকরারের উদ্দেশে তিনি বলেন,“আপনাদের দায়িত্ব দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। ১৪ দলের তাঁবেদারি করা নয়।” তাদের দাবির কাছে মাথা নত করবেন না বলেও হুঁশিয়ার করে দেন তিনি।
তিনি গত ২৮ অক্টোবরের নৈরাজ্য ও সুপ্রিম কোর্টে ৩০ নভেম্বরের হামলায় জড়িতদের গ্রেপ্তার করারও দাবি জানান।
