বগুড়ায় বিএনপি নেতার নির্দেশনায় ভোটার তালিকা সংশোধন
বগুড়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কথা থাকলেও স্থানীয় এক বিএনপি নেতার নির্দেশ অনুযায়ী নাম কর্তন ও নতুন নাম অন্তর্ভুক্ত করতে দেখা গেছে।
শুক্রবার দুপুরে সরেজমিন বগুড়া শহরের ১০নং ওয়ার্ডের রহমান নগর এলাকায় গিয়ে দেখা যায়, তথ্য সংগ্রহকারী রফিকুল ইসলাম ১০ নং ওয়ার্ড কমিশনার ও শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান লুলকার অফিসে বসে লিখিত একটি তালিকা থেকে আটজন মৃত ভোটারের নাম কর্তন ও ২৪ জন নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত করছেন।
এসময় তাকে জিজ্ঞ্যেস করা হয়, “বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়নের কথা থাকলেও এখানে অন্য কাগজ থেকে কি তালিকা তৈরি করছেন?”
উত্তরে রফিকুল ইসলাম জানান, কমিশনার লুলকা কিছু তালিকা দিয়েছেন, তা তুলে নেওয়া হচ্ছে। তখন তার ছবি উঠাতে নিলে তিনি দ্রুত সেখান থেকে বের হয়ে মোটর সাইকেল নিয়ে চলে যান।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, একজন জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে ভোটার বিষয়ে কথা বলতে পারেন, কিন্তু তার অফিসে বসে তালিকা চূড়ান্ত করার কোন সুযোগ নেই। লুলকার অফিসে বসে তালিকা সংশোধনের বিষয়টি তার জানা নেই।
এ ব্যাপারে কমিশনার বিএনপি নেতা লুলকা ফোনে প্রথমে জানান, তথ্য সংগ্রহকারী রফিকুল ইসলামের সঙ্গে তার দেখা হয়নি। পরে অবশ্য তিনি বলেন, তথ্য সংগ্রহকারী ওই ব্যক্তি তার কাছে এলাকার ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে সহযোগিতা নিতে এসেছিলেন। কিন্তু তিনি তাকে কারও নাম সংযোজন বা মৃত ব্যক্তির নাম কর্তন করতে নির্দেশ দেননি।
