২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মনোনয়ন চেয়েছেন আবু হেনা

বিএনপিকে ‘অশিক্ষিত মানুষের দল’ এবং ইসলামি জঙ্গি দলগুলোর ‘মদদদাতা’ বলে অখ্যায়িত করা আবু হেনা নাটকীয়ভাবে বৃহস্পতিবার বনানীর হাওয়া ভবনে হাজির হয়ে দলের মনোনয়ন প্রার্থনা করলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রাজশাহী-৩ আসন থেকে ১৯৯৬ সাল থেকে ২০০৬ পর্যন্ত দুইবার নির্বাচিত এই সাংসদ তার নিজ এলাকা বাগমারায় ইসলামি জঙ্গিবাদের উত্থানের জন্য ক্ষমতাসীন বিএনপির মন্ত্রীদের অভিযুক্ত করায় ২০০৫ সালের ২৪ নভেম্বর দলের চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দল থেকে বহিষ্কার করেন।

একসময় দলের যেসব নেতার বিরুদ্ধে সমালোচনায় উচ্চকিত ছিলেন বৃহস্পতিবার দলের সংসদীয় কমিটির সেই নেতাদের কাছেই সাক্ষাতকারে বসার প্রস্তুতি নেয়ার ফাঁকে আবু হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক প্রধানমন্ত্রী নিজেই তাকে দলে ফিরে আসার আনুষ্ঠানিক প্রস্তাব দেন।”

এছাড়া চলতি বছরের অক্টোবর মাসে বিএনপির বিদ্রোহী নেতাদের নিয়ে গঠিত লিবারেল ডেমোক্রেটি পার্টিতে (এলডিপি) তিনি কখনোই যোগ দেননি বলেও সাবেক তিনি দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে একান্ত সাক্ষাতকারে আবু হেনা দাবি করেন, এলডিপির নেতারা তার কাছ থেকে কোনো রকম অনুমতি না নিয়েই সংবাদ বিজ্ঞপ্তিতে তার নাম দিয়ে দিয়েছিলেন।

তিনি বলেন, “আমি কখনোই এলডিপিতে যোগ দিইনি বা বিএনপি থেকেও পদত্যাগ করিনি। খালেদা জিয়া বহিষ্কারাদেশ তুলে নেয়ায় আমি দলে ফিরে এসেছি। আমার নির্বাচনী এলাকার মানুষও আমাকে বিএনপিতে দেখতে চায়।”

এর আগে ২৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে এলডিপির আনুষ্ঠানিক যাত্রার সময় দলের নেতারা বিএনপি থেকে আবু হেনার একটি পদত্যাগপত্র সাংবাদিকদের হাতে তুলে দেন।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মনজুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলডিপির যাত্রা শুরুর সময় আবু হেনা থাইল্যান্ডে অবস্থান করায় আমরা প্রায় ৪৫ হাজার টাকা খরচ করে তার পদত্যাগপত্র সংগ্রহ করি।”

আবু হেনা গত বছরের ২৪ নভেম্বর এই প্রতিবেদকের কাছে এক সাক্ষাতকারে বলেছিলেন, “বিএনপিতে কোনো গণতন্ত্র নাই এবং এটা অশিক্ষতদের একটি দল। এই সরকার জঙ্গিদের মদদদাতা। মন্ত্রী ব্যারিস্টার আমিনুল ইসলাম এবং উপ-মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলূ বাংলা ভাইয়ের গডফাদার।”

তিনি বলেছিলে, “আমি কখনোই বিএনপিতে ফিরবো না।”

২৬ নভেম্বর দৈনিক যুগান্তরসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় হেনার এই বক্তব্য প্রকাশিত হয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, “কখনোই বিএনপিতে ফিরবো না এ কথা আমি কখন বলেছি তা ঠিক মনে করতে পারছি না।”

সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে ইঙ্গিত করে তিনি আরো বলেছিলেন, “তথাকথিত ইসলামি জঙ্গিবাদ চার দলীয় জোটের অন্যতম শরিক ‘জামায়াতে ইসলামীর’ সৃষ্টি।”

ওই বক্তব্যের পর বিভিন্ন মহলের চাপের মুখে আবু হেনা তার ইস্কাটনের বাড়ি ছেড়ে সোনারগাঁও হোটেলের একটি কক্ষে আশ্রয় নেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে এক বছর কাটানোর পর গত রোববার তিনি দেশে ফিরে আসেন।

তিনি বলেন, “খালেদা জিয়া বাংলা ভাইয়ের মতো জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় আমি বিএনপিতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।”

কোনো চাপের প্রেক্ষিতে তিনি কাজ করছেন না বলেও আবু হেনা দাবি করেছেন।