লালপুর বিএনপির উল্টোরথ
সাবেক সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়েছেন লালপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার এক দলীয় সভায় তারা এ দাবি জানান।
সন্ধ্যায় লালপুর উপজেলা চত্বরের বিআরডিবি মিলনায়তনে থানা বিএনপির সভাপতি হাজের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, থানা যুবদলের সভাপতি বুলবুল আহম্মদ, থানা ছাত্রদলের সভাপতি হারুনর রশিদ পাপ্পুসহ ইউনিয়ন বিএনপির ৫৫ জন নেতা।
বক্তারা বলেন, সাবেক সাংসদ ফজলুর রহমান পটল দলীয় ভোট নিয়ে নির্বাচিত হওয়ার পরও গত পাঁচ বছর বিএনপি ও অঙ্গ সংগঠনের সঙ্গে একদিনও কোন সভা করেননি। তার আত্মীয়-স্বজন ও পছন্দের নেতারা অনেক সুবিধা ভোগ করেন বলেও বক্তারা অভিযোগ করেন। যে কারণে দলে ভাঙ্গন সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, এসব আচরণের মাধ্যমে পটল দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
লালপুর-বাগাতিপাড়ায় বিএনপির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে মন্তব্য করে বক্তারা আরও বলেন, এ অবস্থায় তাকে মনোনয়ন দেওয়া হলে তিনি নিশ্চিত পরাজিত হবেন। তবে যদি খুব শিগগিরই নেতা কর্মীদের সংগঠিত করে জনমত পক্ষে নিতে পারেন তবে হয়তো তার জেতার ক্ষীণ একটা সম্ভবনা থাকবে।
পটল ছাড়া অন্য যে কাউকে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়ন দিলে তাকে জেতানো যেতে পারে বলেও তারা মন্তব্য করেন।
থানা বিএনপির সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার জানান, পটল সাহেবের স্বজনপ্রীতি ও দলের প্রতি অবহেলামূলক আচরণের কারণে দলের যথেষ্ট ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে হলে পটল সাহেবকেই ভূমিকা নিতে হবে।
তিনি আরও বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার জন্যই তারা কাজ করবেন। তবে এ ক্ষেত্রে দলের শীর্ষ নেতাদের অবশ্যই এলাকার নেতা কর্মী ও জনমতকে গুরুত্ব দিতে হবে।
ছাত্রদলের সভাপতি হারুনর রশিদ পাপ্পু বলেন, “সভায় পটল সাহেবের প্রতি সবার অনাস্থাসূচক মনোভাব প্রকাশ পেয়েছে। তবে পটল ভাই সবকিছু সংশোধন করে নিলে আমরা তার পেছনে কাজ করবো।”
প্রসঙ্গত ফজলুর রহমান পটল গত তিনটি নির্বাচনে এই আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছেন। এবারই প্রথম জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর পৌরসভার চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বিমল দলীয় মনোনয়ন লাভের উদ্দেশ্যে মনোনয়ন পত্র উঠিয়ে জমাও দিয়েছেন। দলীয় মনোনয়ন বোর্ড তাকে সাক্ষাতের জন্য আমন্ত্রণও জানিয়েছে। এলাকায় পটলের অনুপস্থিতির সুযোগে বিমল ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
