২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের তারিখ ঠিক রেখে তফসিল পরিবর্তনে বিএনপির আপত্তি নেই: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, নির্বাচন কমিশন ঘোষিত ভোট গ্রহণের তারিখ ঠিক রেখে তফসিল পুননির্ধারিত হলে তার দলের আপত্তি থাকবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বুধবার সন্ধ্যায় বনানীর হাওয়া ভবন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন, “২১ জানুয়ারিতেই ভোটগ্রহণ করতে হবে। নির্বাচনের তফসিলের পরিবর্তন আমরাও চাই। কেননা নির্বাচন অনুষ্ঠানের জন্য আনুষঙ্গিক কাজ করতে সময় প্রয়োজন। তবে ৯০ দিনের মধ্যে নির্বাচনের জন্য সাংবিধানিক বাধ্যবাধকতার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা ওই সময়ের বাইরে নির্বাচনের কথা বলে, তারা জনগণকে বিভ্রান্ত করছে।”

তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ প্রসঙ্গে তার দল ও জোটের অনাপত্তির কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “যা কিছু করতে হয় সংবিধানের ভেতরে থেকেই করতে হবে। কোনো দলের চাপের কাছে নতি স্বীকার করা হলে আমরা তার প্রতিবাদ করবো এবং আন্দোলনে যাবো।”

বিএনপি মহাসচিব তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলেন, “আপনাদের কাজ হলো নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা এবং রাষ্ট্রের দৈনন্দিন কাজ পরিচালনা করা।”

মান্নান ভূঁইয়া আরও বলেন, “দেশে শান্তিপূর্ণ কর্মসূচির নামে যারা মানুষ হত্যা করে, গাড়ি পোড়ায়, কোর্টে তাণ্ডব চালায় তাদের ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের কোনো নজর বা পদক্ষেপ নেই।”

মান্নান ভূঁইয়া বলেন, “১৪ দলের নেতৃবৃন্দ দেশের সব প্রতিষ্ঠানকে বিতর্কিত করেছে। তারা একের পর এক দাবি দিয়ে এমন অবস্থা তৈরি করেছে যে দেশের কোনো মানুষ ওইসব সাংবিধানিক প্রতিষ্ঠানে আর দায়িত্ব নিতে চায় না।”

এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ।

এর আগে নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, “গত দুদিনে ৭৮টি আসনে ৩৩৬ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে।”