২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২/১ দিনের মধ্যে দাবি পূরণ না হলে আবারও আন্দোলন: জলিল

দু-একদিনের মধ্যে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে যাবে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 11:15 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

মঙ্গলবার রাতে দলের কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ বিফিংয়ে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল।

তিনি বলেন, দু-একদিনের মধ্যে দাবি আদায় না হলে ঢাকাসহ পুরো দেশ থেকে ২০ লক্ষাধিক মানুষ এনে বঙ্গভবন ও নির্বাচন কমিশনের চারদিকে জড় করা হবে।

এছাড়া আগামিকালও নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি চলবে।

উপদেষ্টা যে ওয়াদা করেছিলেন দাবি বাস্তবায়নের, তা পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি বলেন, “শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারকে সুযোগ দিয়েছিলেন। সরকারের উপদেষ্টাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে অবরোধ স্থগিত করা হয়েছিল। কিন্তু তারা সে সুযোগ গ্রহণ করতে পারেননি। তারা ৩৬ দিন সময় নষ্ট করে সমস্যাকে আরও ঘণীভূত করেছেন।”

তিনি বলেন, “আন্দোলনের কোনো বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করে নিতে হবে।”

“উপদেষ্টারা ওয়াদা করেছিলেন তফসিল বাতিল করবেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন, ভোটার তালিকা হালনাগাদ করবেন এবং প্রশাসনের রদবদল করবে। কিন্ত দুঃখজনক হলেও সত্য, তারা কোনো সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে পারেননি।

তিনি বলেন, দাবি আদায়ের লক্ষে ১৪ দল, জাতীয় পার্টি (এরশাদ), এলডিপি, ইসলামী ঐক্যজোট, জাকের পার্টিসহ বেশ কয়েকটি দল যুগপৎভাবে আন্দোলন করে যাচ্ছে।

মঙ্গলবার আইনজীবীদের উচ্চ আদালত বর্জনের ঘটনাকে অনভিপ্রেত আখ্যায়িত করে তিনি বলেন, “আইনের পথ বাধাগ্রস্ত করে আইনের প্রতি শ্রদ্ধা দেখানো যায় না।”

জলিল অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেওয়ারও দাবি জানান।

তিনি বলেন, “এ ঘটনার জন্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে অভিযুক্ত করে তাকে এসব ঘটনা থেকে নিবৃত্ত করার জন্য দেশবাসীর সহায়তা চাচ্ছি।”

বৈঠকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হয়।

দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত সাড়ে ১০ পর্যন্ত বৈঠক চলে।