আট সচিব পদে রদবদল নিয়ে সংশয়
উপদেষ্টা পরিষদের বৈঠকে সংস্থাপন, স্বরাষ্ট্র ও আইন সচিবসহ আট সচিব পদে রদবদলের সিদ্ধান্ত ২৪ ঘণ্টা পরও কার্যকর হয়নি।
বুধবার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
একইসঙ্গে প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তার নিয়োগ বাতিলের সিদ্ধান্তও ঝিমিয়ে পড়েছে।
এ বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (এপিডি-অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পোস্টিং ডিপার্টমেন্ট) আবুল কাশেম সাংবাদিকদের বলেন, “ওই বৈঠকে আমি উপস্থিত ছিলাম না। সেখানে কী সিদ্ধান্ত হয়েছে আমার জানা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে সিদ্ধান্ত কার্যকর করা হবে।”
এর আগে সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আট সচিব পদে রদবদল এবং প্রশাসনে সব চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়।
এ প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে পিআইডি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, দু-একদিনের মধ্যে সচিব পর্যায়ের রদবদল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী সোমবার রাতে সাংবাদিকদের বলেন, “উপদেষ্টা পরিষদে আট সচিব রদবদলের সিদ্ধান্ত হয়েছে। তবে তা ছিল শর্তসাপেক্ষ। ১৪ দলের অপসারণ ও রদবদলের দাবি কোথায় শেষ হবে তা দেখেই আমরা প্রজ্ঞাপন জারি করবো।”
তবে এরপর সোমবার রাত সোয়া ১২টার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরকম কোনো সিদ্ধান্তের কথা তাকে জানানো হয়নি।
নিজেও বদলির তালিকায় থাকা সংস্থাপন সচিব বললেন, “আমি টেলিভিশনের খবরে বিষয়টি জেনেছি।”
সচিবদের বদলি সম্পর্কে সোলায়মান চৌধুরী জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষ এরকম কোনো নির্দেশ দেয়নি। যখনই এরকম কোন নির্দেশ আসবে আমি তা কার্যকর করবো।”
কর্মকর্তাদের বদলি, পদোন্নতি ও পদায়নের কাজে সোমবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় কাজ করে।
এরপর মধ্যরাতে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সংবাদ সম্মেলন ডেকে উপদেষ্টা পরিষদের প্যাকেজ প্রস্তাবের অংশ হিসেবে কয়েকজন গুরুত্বপূর্ণ সচিবের বদলির আদেশ দেওয়া সংক্রান্ত সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন এবং রদবদল ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত স্থগিতের জোর দাবি জানান।
