২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানের বাইরে কোনো পরিবর্তন মানবো না: মান্নান ভূঁইয়া

চলতি রাজনৈতিক সংকট সমাধানে উপদেষ্টাদের সর্বশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 11:59 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সোমবার রাতে বনানীর হাওয়া ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক অচলাবস্থার একটি সমাধান আমরাও চাই। তবে যে কোনো সমাধানই হতে হবে সংবিধান সম্মত উপায়ে। তা না হলে আমরা এটা মানবো না।”

তিনি বলেন, “ভোটার তালিকা সংশোধন বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। এটা একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের আগের দিন পর্যন্ত এর সংশোধন হতে পারে।”

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সব দল নির্বাচনে আসুন এটা তারাও চান। তবে ভারপ্রাপ্ত সিইসি সম্পর্কে তিনি বলেন, “তাঁকে সরিয়ে অন্য কাউকে বসানো সংবিধান সম্মত হবে না।”

সরকারি কর্মকর্তাদের ঢালাও বদলির বিষয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, “নির্বাচন সংশ্লিষ্ট নন এমন কাউকে বদলি করা ঠিক নয়।”

অপর এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন, “১৪ দলের দাবি যদি তত্ত্বাবধায়ক সরকার এভাবে একের পর মেনে নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে থাকে তাহলে আমরাও তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হবো।”