বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে অবরোধ চলছে
সারাদেশে ১৪ দলের ডাকে লাগাতার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও কক্সবাজারের মহেশখালীতে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুই পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধকারীরা সুবর্ণ এক্সেপ্রেসে ইট-পাটকেল নিক্ষেপ করলে ট্রেন চলাচল ব্যাহত হয়।
এদিকে দেশের বিরাজমান রাজনৈতিক সংকট সমাধানে সরকারের উচ্চ পর্যায়ে যখন জোর প্রচেষ্টা চলছে তখন ১৪ দলের ডাকে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। দিনের প্রথম ভাগে কোথাও কোনো বিরোধের বা সংঘর্ষে খবর পাওয়া যায়নি। রাজধানীতে দ্বিতীয় দিনটি কেটেছে অনেকটা ঢিলেঢালাভাবেই। রাস্তায় যানবাহন ও লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ, নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগসহ নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচনী তফসিল বাতিলসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে ১৪ দল।
অবরোধের অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর রাসেল স্কয়ার, সোবহানবাগ, পুরানা পল্টন, বঙ্গবন্ধু এভিনিউ, নূর হোসেন স্কয়ার, মিরপুর, মহাখালি, মতিঝিল, দৈনিক বাংলা মোড় ও সায়েদাবাদসহ বিভিন্ন জায়গায় জড়ো হন ১৪ দলের নেতাকর্মীরা। তারা ওইসব এলাকায় সমাবেশ, বক্তৃতা ও খন্ড খন্ড মিছিলসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ অব্যাহত রেখেছেন।
কয়েকটি জায়গায় ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করে বক্তৃতার পাশাপাশি গান-বাজনা চালিয়ে যাচ্ছেন অবরোধকারীরা। অবরোধ কর্মসূচি সফল করার জন্য রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও অঞ্চল থেকে খন্ড খন্ড মিছিল সমবেত হয় সমাবেশগুলোতে।
অবরোধের কারণে রাস্তায় নিয়মিত রুটের যানবাহন চলাচল করছে না বললে¬ই চলে। দূর পাল্লার কোন ধরনের বাস, ট্রাক রাস্তায় নামেনি। কিছু কিছু ট্রেন চলাচল করলেও লঞ্চ একবারেই চলাচল করছে না। রাস্তাগুলো মূলত দখলে রয়েছে রিকশাওয়ালাদের। তবে বিক্ষিপ্তভাবে বেশকিছু বাস, মিনিবাস, বেবিট্যাক্সি এমনকি কিছু কিছু প্রাইভেট কার চলাচল করছে। তারপরও যানবাহনের অভাবে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে চলাচল করছে।
অবরোধ কর্মসূচির কারণে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-শিল্প প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। তবে স্কুল ও হজযাত্রী পরিবহনকারী যানবাহন অবরোধের আওতামুক্ত করার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষার্থী, শিক্ষক ও হজযাত্রীদের নামে স্টিকার লাগানো প্রচুর যানবাহন রাস্তায় চলাচল করতে দেখা গেছে।
এদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিডিআর ও র্যাবের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
