বিটিভির সংবাদে আওয়ামী লীগ উপেক্ষিত
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনের রোববার রাত ৮ টার সংবাদে আওয়ামী লীগের কোন খবরই প্রচারিত হয়নি।
সংবাদে ১৪ দলের লাগাতার অবরোধ কর্মসূচিও ছিল ষষ্ঠ স্থানে। এ খবরের জন্য সময় বরাদ্দ ছিল মাত্র দেড় মিনিট।
তবে বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত সমাবেশে চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য প্রচারে সময় নেওয়া হয় ৫০ সেকেন্ড। এ খবরটি ছিল চতুর্থ স্থানে।
সংবাদে বিএনপির খবর প্রচারিত হয়েছে দুটি। এ ছাড়া চারদলীয় জোটের একটি এবং জামায়াতে ইসলামীর একটি খবর প্রচারিত হয়েছে।
বিএনপি, জামায়াত ও চার দল ছাড়াও সুপ্রিম কোর্টে বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদে এবং ওই দিনের ভাংচুরের ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে আইনজীবীদের সংগঠন যেসব কর্মসূচি পালন করেছে সেগুলো নিয়ে দুটি খবর প্রচারিত হয়।
শীর্ষ সংবাদ ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে ১০ উপদেষ্টার বৈঠক।
দ্বিতীয় শীর্ষ সংবাদে ছিল রাষ্ট্রপতির সঙ্গে জাপানি রাষ্ট্রদূত এইচ ই মাসায়ুকি ইনুর বৈঠক এবং তৃতীয় শীর্ষ সংবাদে ছিল ভোটার তালিকার ব্যাপারে এনডিআইয়ের প্রতিবেদন।
রাত ৮ টার সংবাদে মোট খবর ছিল ২৩ টি। এর মধ্যে নয়টি আন্তর্জাতিক এবং চারটি ছিল খেলার খবর।
