বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও সাক্ষাতকারের সময় পরিবর্তন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাতকারের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ফরম বিক্রির সময়ও একদিন বাড়ানো হয়েছে।
বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবারের পরিবর্তে মঙ্গলবার সকাল ১১ টা থেকে বনানীর হাওয়া ভবনে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাতকার শুরু হবে।”
প্রথম দিন ৬ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগ, ৬ ডিসেম্বর রাজশাহী বিভাগ, ৭ ডিসেম্বর বরিশাল ও খুলনা বিভাগ এবং ৮ ডিসেম্বর ঢাকা বিভাগের প্রার্থীদের সাক্ষাতকার নেওয়া হবে।
দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন প্রার্থীদের সাক্ষাতকার নেবেন।
এ ছাড়া রোববার দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন থাকলেও সোমবারও ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
সূত্র জানায়, রোববার পর্যন্ত প্রায় দুই হাজার ফরম বিক্রি হয়েছে এবং এখন পর্যন্ত ১৫ শ’ ফরম জমা পড়েছে।
