খালেদা জিয়া বেসামাল হয়ে পড়েছেন: জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল বলেছেন, খালেদা জিয়া মানসিকভাবে সুস্থ আছেন কিনা সেটাই এখন প্রশ্ন। তিনি মানসিকভাবে বেসামাল হয়ে পড়েছেন।
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায় কিন্তু শরিকদের কারণে পারছে না-খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জলিল এ কথা বলেন।
নির্বাচনের সময় র্যাবের কর্মকাণ্ড স্থগিত করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের নিয়মিত এই সংবাদ সম্মেলনে আব্দুল জলিল রোববারের অবরোধ সফল দাবি করে এর জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার অবরোধ চলবে।
জলিল শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় সিলেটের বিশ্বনাথ ও শরীয়তপুরে ১৪ দলের নেতা-কর্মীদের ওপর গুলিবর্ষণ এবং বরিশালের বাবুগঞ্জে মিছিলে পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। সেইসঙ্গে তিনি শরীয়তপুরের পালং থানার ওসি হুমায়ুন কবীরকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন প্রমুখ উপস্থিত ছিলেন।
