২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার দাবির বিষয়ে মনোযোগ না দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান

বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতৃবৃন্দ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দাবির বিষয়ে মনোযোগ না দেওয়ার জন্য রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

তাঁরা বলেন, চলমান অবরোধ কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশকে অকার্যকর করে আওয়ামী লীগ সভানেত্রী দেশকে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করতে চান।

রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে যুবদল সভাপতি বরকতউল্লাহ বুলু বলেন, “ তাঁর স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দেব না।”

অবরোধ কর্মসূচির নামে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল এই সমাবেশের আয়োজন করে।

বুলু বলেন, “হাইকোর্ট হাসিনাকে ‘পাগল’ ঘোষণা করেছে। আমি তাঁকে মানসিক হাসপাতালে ভর্তি এবং জনগণকে অবরোধের কারাগার থেকে মুক্ত করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানাচ্ছি।”

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মিয়া মোহাম্মদ সেলিম এবং খায়রুল কবীর খোকন।

এদিকে যুবদলের সমাবেশ চলাকালে পাশেই কয়েক রাউন্ড গুলির শব্দ হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী এবং কর্তব্যরত পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক সমাবেশের কাছে তিন রাউন্ড গুলিবর্ষণ করে। তবে এতে কেউ আহত হয়নি।

আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে সিগারেট বিক্রেতা বেলাল বলেন, “তিন রাউন্ড গুলিবর্ষণের পর দুই যুবককে আমি দ্রুত পালিয়ে যেতে দেখেছি।”

দলের কর্মী রফিক বলেন, “আমি গুলির শব্দ শুনেছি এবং তখন বিডিআার সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের ঘিরে রাখে।”