২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ ভোট বিপ্লবে জবাব দেবে: খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, যারা অবরোধের নামে দেশের ক্ষতি করছে আগামী নির্বাচনে তাদের বিরুদ্ধে জনগণ ভোট বিপ্লব করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

খালেদা অভিযোগ করে বলেন, “১৪ দল আন্দোলনের নামে দেশের অর্থনীতিকে ধ্বংস ও পঙ্গু করে দিচ্ছে। তাদের বিরুদ্ধে চার দলের নেতা-কর্মীদের সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

রোববার বিকেলে বনানীর হাওয়া ভবনে শরীয়তপুর-৩ আসনের সাবেক সাংসদ হেমায়েত উল্লাহ আওরঙ্গ, সাবেক রাষ্ট্রদূত কর্নেল (অব.) সারোয়ার মোল্লা ও কালকিনি উপজেলার সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান খান আজাদসহ সহস্রাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে বিএনপি নেত্রী একথা বলেন।

নবাগতরা খালেদা জিয়ার হাতে ফুল এবং ধানের শীষ তুলে দিয়ে বিএনপিতে যোগদান করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য কে এম ওবায়দুর রহমান, মোসাদ্দেক আলী ফালু, আমানউল্লাহ আমান, টি এম গিয়াসউদ্দিন, নাজিমউদ্দিন আলম, শাহজাদা মিয়া, শাহ মো. আবু জাফর প্রমুখ।

খালেদা জিয়া গত পাঁচ বছরে তার শাসনামলের সাফল্যের চিত্র তুলে ধরে বলেন,“আমরা দেশে বহু উন্নয়ন করেছি। কিন্তু আজকে একটি দল ও তাদের জোটের ক্ষুদ্র কয়েকটি দল অবরোধের নামে যা করছে তা দেশের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। তারা এক হিংস্র প্রেতাত্মার প্রতিচ্ছবি।”

দলের নতুন ও পুরাতনদেরকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “আমরা সবাই এক পরিবারের সদস্য। সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

বিএনপিতে যোগ দিয়ে হেমায়েত উল্লাহ আওরঙ্গ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে একজন মিথ্যাবাদী অভিহিত করে বলেন, “অনেক আশা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি একটি দলের হঠকারিতায়। তাদের দাম্ভিকতার ছোবলে আমরা আজ ক্ষত-বিক্ষত। দেশনেত্রীর কাছে আমাদের অনুরোধ, কাজ করতে দিলে এই অঞ্চলে আমরা নতুন ধারা সৃষ্টি করবো।”