২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বিশ্বনাথে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২৭

বিশ্বনাথ উপজেলার নতুন বাজার এলাকায় রোববার ১৪ দলের অবরোধ চলাকালে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে স্থানীয় ছাত্রদল নেতা আনোয়ার হোসেন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ২৭ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ৫০ জনেরও বেশি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 04:14 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বিএনপি দলীয় সাবেক সাংসদ ইলিয়াস আলী ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুহিবুর রহমান গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষে ২৭ জন গুলিবিদ্ধ হয়। সংঘর্ষের এক পর্যায়ে ইলিয়াস গ্রুপের নেতাকর্মীরা মুহিবুর রহমানের বাড়িতে হামলা চালায়। বেলা ১১ টা থেকে দেড়টা পর্যন্ত উভয় পক্ষে দেড় ঘন্টা সংঘর্ষ হয়। এসময় দশঘর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনের পেটে গুলি লাগে। তাৎক্ষণিকভাবে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর সে মারা যায়। তার বাড়ি দশঘর ইউনিয়নের বাউশি গ্রামে এবং বাবার নাম তফাজ্জল হোসেন।

সংঘর্ষের প্রথমদিকে পুলিশ নিষ্ক্রিয় থাকলেও বেলা ২ টার দিকে মুহিবুরের বাড়িতে তল্লাশি শুরু করে।

এ ব্যাপারে মুহিবুর রহমান জানিয়েছেন, পূর্ব পরিকল্পিতভাবে অবরোধ চলাকালে ইলিয়াস আলীর লোকজন এ হামলা চালিয়েছে। তবে ইলিয়াস আলী নিজে এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন। দুপুর ৩ টা পর্যন্ত কোন মামলা হয়নি। এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় বিশ্বনাথ থানার ওসি মো. আবদুল হাই বলেছেন, সংঘর্ষ হয়েছে একথা সত্যি, তবে কে কার ওপর হামলা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।