২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা সংশোধন করা দরকার: বিউটেনিস

ভোটার তালিকায় প্রচুর অসঙ্গতি রয়েছে বলে একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এ ভোটার তালিকা সংশোধন করা দরকার। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিস এ মন্তব্য করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 12:45 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রোববার সকালে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা এনডিআই এর ৩ সদস্যের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে বিউটেনিস ভারপ্রাপ্ত সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

সকাল পৌনে এগারোটায় এনডিআই প্রতিনিধি দল ও মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকে বসেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। এগারোটা ২০ মিনিটে বৈঠক থেকে বের হয়ে এসে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, “এনডিআই এর জরিপ প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ। আমরা মনে করি নির্বাচন কমিশন ও এনডিআই একসঙ্গে বসে ভোটার তালিকা সংশোধন করা সম্ভব। তালিকায় বাড়তি ভোটার থাকার মূল কারণ হচ্ছে মানুষের স্থানান্তর। এ বিষয়টি পরিষ্কার করতে দুই রাজনৈতিক দলের সঙ্গে বসার জন্য এনডিআইকে বলেছি আমি।”

রাষ্ট্রদূত ও এনডিআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, “এনডিআই জরিপের তথ্য ভিত্তিহীন। সংস্থাটি এক কোটি ২২ লাখ ভুয়া ভোটারের কথা বলেছে। এ হিসেবের সঙ্গে আমরা একমত নেই। তারা দেখিয়ে দিক কোথায় এ ভুল হয়েছে, আমরা সংশোধন করে নেবো।

“এর আগে ২০০১ সালে তারা ৪৪ লাখ ভুয়া ভোটারের কথা বলেছিল। পরে আবার তারা তা সংশোধন করে নেয়।”

ভোটার তালিকা সংশোধন নিয়ে ভারপ্রাপ্ত সিইসি বলেছেন, “সংশোধন একটি চলমান প্রক্রিয়া। এটা চলছে। কেউ ভুয়া ভোটার দেখিয়ে দিলে আমরা তা সংশোধন করে নেবো। কিন্তু কেউ তো আসছে না। আমরা তো বারবা বলছি।”

তফসিল পরিবর্তনের প্রসঙ্গে মাহফুজু রহমান বলেন, “কোনো প্রস্তাব হাতে আসেনি। এলে দেখবো।”

ভোটার তালিকা ও দুই রাজনৈতিক দলের সংলাপ প্রসঙ্গে বিউটেনিস বলেছেন, “এখন দুই রাজনৈতিক দলের যে সংলাপ চলছে তার কেন্দ্রবিন্দু হল ভোটার তালিকা। এ প্রশ্নে সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসে উপসংহারে পৌঁছাতে হবে, আমাদের সামনে সময় খুব কম।” ভোটার তালিকায় থাকা বাড়তি ভোটার কোন রাজনৈতিক দলেরই কাজে আসবে না বলেও তিনি মন্তব্য করেন।

এরপর বেলা বারোটায় নির্বাচন কমিশনের সঙ্গে সোয়া ঘন্টাব্যাপী বৈঠক শেষে বের হয়ে আসেন এনডিআই এর প্রতিনিধি দল। সংস্থাটির আবাসিক প্রতিনিধি ড. ওয়েন লিপার্ট সাংবাদিকদের বলেন, “ভোটার তালিকার ভুক্তিতে একই নাম একাধিকবার রয়েছে, ভুয়া ভোটারও রয়েছে। এটা সংশোধন প্রয়োজন।” তিনি বলেন, “এটা নির্বাচন কমিশনের একার কাজ নয়। নির্বাচন কমিশন, স্থানীয় সরকার এবং সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসে এটা ঠিক করতে হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই এ কাজ করা দরকার।”