২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের তারিখ ঠিক রেখে তফসিল পরিবর্তনে আপত্তি নেই: চার দল

নির্বাচনের তারিখ ঠিক রেখে তফসিল পরিবর্তনের ব্যাপারে তাদের আপত্তি নেই বলে রাষ্ট্রপতিতে জানিয়েছে চার দলীয় জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 11:59 AM

Updated : 26 Apr 2022, 04:06 PM

রাষ্ট্রপতির সঙ্গে খালেদা জিয়ার দুই ঘণ্টার বৈঠক শেষে নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে এক তাৎক্ষণিক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে চাই। নির্বাচনী তফসিল পরিবর্তনের ব্যাপারে আপত্তি নেই। তবে নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ ঠিক রেখে বাকি পরিবর্তন আনতে হবে।” (সংশোধিত ১)

প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষ হয় শনিবার রাত পৌনে ১০টায়। এরপর শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেন।

ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মান্নান ভুঁইয়া বলেন, “আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে চাই। নির্বাচনী তফসিল পরিবর্তনের ব্যাপারে আপত্তি নেই। তবে নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ ঠিক রেখে বাকি পরিবর্তন আনতে হবে।”

তিনি বলেন, “আমরা জানি না ১৪ দলের সর্বশেষ দাবি কী। তবে রাষ্ট্রপতি যদি তা তাদের কাছে জেনে আমাদের জানান তাহলে আমরা জোটগতভাবে আমাদের বক্তব্য জানাবো।”

চৌদ্দ দলের অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, “অবরোধ প্রত্যাহারের ব্যাপারে আমরা রাষ্ট্রপতিকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি। তিনি যেন ১৪ দলকে অবরোধ প্রত্যাহারের পরে আলোচনায় বসার অনুরোধ জানান।”

নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখা, নির্বাচনের তারিখ ঠিক রেখে তফসিল পরিবর্তন, আইন-শৃঙ্খলার উন্নয়ন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানানো হয়েছে বলে মান্নান ভুঁইয়া জানান।

খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রপতির এই বৈঠকে ১০ উপদেষ্টা ছাড়াও নির্বাচন কমিশনের সচিব আবদুর রশীদ সরকার উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বঙ্গভবনে চায়ের আমন্ত্রণ জানানোর পর রাত পৌনে ৮টায় চারদলীয় জোটের নেতাদের নিয়ে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। পৌনে ১০টায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ হলেও খালেদা জিয়া ১০টায় বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন। মান্নান ভূঁইয়াসহ জোটের অন্য নেতারা তার একটু আগে বঙ্গভবন ত্যাগ করেন।

বৈঠকে চারদলের পক্ষে ১৩ সদস্যের নেতৃত্ব দেন খালেদা জিয়া। অন্য সদস্যরা হলেন, বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গণি, কে এম ওবায়দুর রহমান, এম কে আনোয়ার খন্দকার দেলোয়ার হোসেন, মাহবুবউদ্দিন আহমাদ, জামায়াতে ইসলামীর মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বাংলাদেশ জাতীয় পার্টির নাজিউর রহমান মঞ্জুর ও ইসলামী ঐক্যজোটের ফজলুল হক আমিনী।

শেখ হাসিনা ও খালেদা জিয়া উভয়ই রাষ্ট্রপতির চায়ের দাওয়াত গ্রহণ করার পর থেকেই সবারই চোখ এখন এ বৈঠক ও তার ফলাফলের ওপর। অবশ্য দুই নেত্রীর মধ্যে কে আগে যাবেন তা নিয়ে দিনভর বিভিন্ন গুজব ও আলোচনা শোনা যায়। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক সম্মেলনে শেখ হাসিনা রাষ্ট্রপতির উদ্দেশে বলেন, “আমার সঙ্গে বৈঠক করার আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে ঠিক করে নিন, কী করতে পারবেন বা পারবেন না।”

জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাসিনা রাষ্ট্রপতির উদ্দেশে আরও বলেন, “চায়ের দাওয়াতে যাবো। তবে ১০ উপদেষ্টাকেই সেখানে থাকতে হবে। সবার সামনেই আলোচনা হবে।”

উল্লেখ্য, শুক্রবার জাতিসংঘের বিশেষ দূত ক্রেইগ জেনিস তিন দিনের সফর শেষে ঢাকা ত্যাগের আগে রাষ্ট্রপতির কাছে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে কিছু প্রস্তাব দিয়ে যান। এরপর রাষ্ট্রপতি বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের দুই নেত্রীকে বঙ্গভবনে চায়ের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির দুই সহযোগী শুক্রবার রাতে দুই নেত্রীকে টেলিফোন করে আনুষ্ঠানিকভাবে তাদের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির তথ্য উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী টেলিফোন করেন শেখ হাসিনাকে। আর বঙ্গভবনের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদা জিয়াকে ফোন করেন। তবে সূত্র তার নাম বলতে অস্বীকৃতি জানান।

এদিকে রাষ্ট্রপতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অবরোধসহ রাজপথের আন্দোলন থেকে সরিয়ে আনতে ‘বেশি ছাড়’ দিতে পারেন বলে জানিয়েছেন বঙ্গভবনের একটি সূত্র। শেখ হাসিনা প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার দাবি জানানোয় রাষ্ট্রপতি তাকে নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে কিছু ছাড় দিতে পারেন বলে বঙ্গভবন সূত্র জানিয়েছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টাদের বৈঠক শেষে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, রাজনৈতিক অচলাবস্থা নিরসনের চেষ্টা হিসেবে রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আলাদা আলাদাভাবে বঙ্গভবনে চায়ের আমন্ত্রণ জানাবেন।

তিনি আরও জানান, তারা নির্বাচনী তফসিল পুনর্নির্ধারণের বিষয়টি নিয়েও আলোচনা করেছেন।

তবে তিনি বলেন, “ নির্বাচন কমিশনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

ওই বৈঠকে উপদেষ্টা ধীরাজ কুমার নাথ উপস্থিত ছিলেন না।

নির্বাচন কমিশনারদের অপসারণ করা হবে কি না, সে প্রশ্নের জবাব এড়িয়ে তথ্য উপদেষ্টা বলেন, প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের তিন মাসের ছুটিতে যাওয়া একটি ‘অর্জন’।