নির্ধারিত সময়েই নির্বাচন হবে: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বানচালের জন্য যতই ষড়যন্ত্র করা হোক তফসিল অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন হবে।
বনানীর হাওয়া ভবনে শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মতিন) সাবেক সংসদ সদস্য কাজী আনোয়ার হোসেনসহ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া অভিযোগ করেন,নির্বাচনে অংশ না নেওয়ার জন্যই ১৪ দল নৈরাজ্য সৃষ্টি করছে। কারণ তাদের অপকর্ম জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে।
নবাগতদের উদ্দেশে তিনি বলেন,“দলের প্রয়োজনে নবীন-প্রবীণের দ্বন্দ্ব ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অন্য দেশের স্বার্থ রক্ষায় ১৪ দল অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। দেশের সব প্রতিষ্ঠানকে বিতর্কিত করে ফেলছে। আমাদের ক্ষমতা হস্তান্তরের পর তাদের তান্ডব থেকে সাধারণ মানুষও রক্ষা পা চ্ছেনা।”
তিনি বলেন, সুপ্রিম কোর্টের মতো সর্বোচ্চ আদালতে হামলা করে তারা বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছে। চার দলের জন্য ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান।
যোগদান অনুষ্ঠানে সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার, ড. মুশফিকুর রহমান, হারুন আল রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কাজী আনোয়ার হোসেন ২০০১ সালের নির্বাচনে চার দলীয় জোটের শরিক বিজেপির প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
