২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে উপদেষ্টার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ

চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ধীরাজ কুমার নাথকে বহনকারী পাজেরো গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ-১১-৫৪৫৫) কে বা কারা ইট-পাটকেল নিক্ষেপ করেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এতে গাড়িটির এক পাশের জানার কাঁচ ভেঙ্গে যায়। উপদেষ্টা অবশ্য ওইসময় গাড়িতে ছিলেন না। সেই সময় তিনি চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপদেষ্টার গাড়ির চালক জ্বালানী তেল সংগ্রহের জন্য অনুষ্ঠানস্থল থেকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় যাওয়ার পথে খ্রিস্টান মিশনারী এলাকা অতিক্রমকালে কে বা কারা গাড়িটি লক্ষ্য করে উপর্যুপরি ইট-পাটকেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। পরে অতিরিক্ত পুলিশ পাহারায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই গাড়িতে করেই উপদেষ্টা ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করেন।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় খ্রিস্টান মিশনারীর দারোয়ান শ্যামল মন্ডল দাবি করেছেন, ওই সময় তিনি ঘটনাস্থলের অদূরে দায়িত্ব পালন করছিলেন। তিনি গুলির শব্দ শুনে রাস্তায় এসে দেখেন গাড়িটির কাঁচ ভেঙে গেছে।

তবে পুলিশ কর্মকর্তারা গুলির বিষয়টি অস্বীকার করে বলেছেন, শুধুমাত্র ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রাস্তার ওপর কাঁচের টুকরা পড়ে আছে। সাংবাদিকরা খবর পাওয়ার আগেই গাড়িটি চাঁদপুর ত্যাগ করায় ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করতে পারেনি সাংবাদিকরা।

পুলিশ সুপার ওবায়দুর রহমান জানিয়েছেন, তারা চেষ্টা করছেন দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে। তিনিও ইট-পাটকেল নিক্ষেপের কথা জানিয়েছেন। গুলির বিষয়টি তিনি জানেন না বলে জানিয়েছেন।