ইয়াজউদ্দিন থাকলে অবরোধ থাকবে: জলিল
ইয়াজউদ্দিন আহম্মেদ শনিবারের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ না ছাড়লে অবরোধ কর্মসূচি রোববার ফের শুরু হবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, “ইয়াজউদ্দিন আহম্মেদ শনিবারের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ না করলে, আমাদের অবরোধ কর্মসূচি আবার শুরু হবে।”
রাষ্ট্রপতির বিরুদ্ধে রিট আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের হস্তক্ষেপের নিন্দা করে জলিল বলেন, “এই নজীরবিহীন হস্তক্ষেপই প্রমাণ করে যে বিচার বিভাগ বিএনপি-জামাত জোটের প্রতি অনুগত।”
তিনটির মধ্যে একটি রিট পিটিশনের আবেদনকারী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “কোন হস্তক্ষেপ না হলে ইয়াজউদ্দিনকে চলে যেতে হতো।”
সংবিধানের অপব্যবহার করে বিএনপি-জামায়াত জোটের ‘স্বার্থের পক্ষে” কাজ করার জন্য তিনি অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মাদ আলীর তীব্র সমালোচনা করেন।
তিনি সদ্য বিদায়ী জোট সরকার নিয়োযিত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগও দাবি করেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ সামাজিক অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে বয়কট করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
তত্ত্বাবধায়ক সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে বক্তব্য রাখার জন্য জলিল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করেন।
তিনি বলেন, ইয়াজউদ্দিনকে তিনি যেভাবে পরিচালিত করছেন সেভাবে উপদেষ্টাদের চালাতে না পেরে খালেদা জিয়া তাঁদের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
তিনি বলেন, খালেদা জিয়া উপদেষ্টা আকবর আলী খান এবং হাসান মশহুদ চৌধুরীর ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছেন।
