নির্বাচনে সবার অংশগ্রহণ নিয়ে খালেদা-জেনেস আলোচনা
জাতিসংঘ মহাসচিবের বিশেষ দুত ক্রেইগ জেনেস আসন্ন নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।
বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় হাওয়া ভবনে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বৈঠকের সময় অন্যদের মধ্যে দলের মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনাটা লোক ডেসালান্তে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ক্রেইগ জেনেস সাংবাদিকদের বলেন, “আমরা চাই বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সেনা প্রেরণকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। মূলত এ কারণেই জাতিসংঘ একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়।”
পরে এম মোর্শেদ খান সাংবাদিকদের বলেন, “বিএনপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। আমাদের প্রত্যাশা সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে।”
নতুন দুই নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে এক প্রশের জবাবে মোর্শেদ খান বলেন, “এ ব্যাপারে বিএনপি কিছুই জানে না। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন।”
