প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের অপসারণ দাবি করেছেন আইনজীবীরা
দলীয় আচরণের মাধ্যমে নিরপেক্ষতা হারানোর অভিযোগে অবিলম্বে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন এবং অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর অপসারণ দাবি করেছেন আইনজীবী নেতারা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে আইনজীবী নেতারা এ দাবি জানান।
এছাড়া একই সাথে এদের দুজনকে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন, আইনজীবীসহ সব পর্যায়ে সামাজিকভাবে বর্জনের আহ্বান জানানো হয়েছে।
এর অংশ হিসেবে ইতোমধ্যে বৃহস্পতিবার রাতে সিলেট বারের ডিনার পার্টিতে প্রধান বিচারপতিকে প্রধান অতিথি হিসেবে যোগ না দেওয়ার জন্য বার কর্তৃৃপক্ষ থেকে জানানো হয়।
সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ, ভোটার তালিকা সংশোধন করে তফসিল ঘোষণা ও নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিয়োগসহ নির্বাচন কমিশন পুনর্গঠনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা তিনটি রিট আবেদনের নিষ্পত্তির প্রাক্কালে বেঞ্চ ভেঙ্গে দেওয়া ও মামলার কার্যক্রম স্থগিতের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মামলার আবেদনকারী পক্ষ, বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন যৌথভাবে এর আয়োজন করে।
আইনজীবী নেতারা বলেন, প্রধান বিচারপতি স্বাধীনতার পর ইতিহাসে নজীরবিহীনভাবে একটি মামলা নিষ্পত্তির পূর্বে স্থগিতাদেশ দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি সংবিধান জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছেন। তিনি পিতা হয়ে সন্তানকে হত্যা করেছেন। যে আগুন তিনি জ্বালিয়েছেন তা তাকেই নেভাতে হবে।
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন, কোন বিচারাধীন মামলায় রায় বা রুল ঘোষণার পুর্বে এ ধরনের স্থগিতাদেশ বেআইনি। এ ধরনের বেআইনি স্থগিতাদেশ প্রত্যাহারের কোন প্রয়োজন হয় না। তবুও আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানাচ্ছি।
অ্যাটর্নি জেনারেল মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারগুলোর সময় সরকার দায়িত্ব হস্তান্তরের পরই অ্যাটর্নি জেনারেলরা পদত্যাগ করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত দলীয় সরকারের নিযুক্ত অ্যাটর্নি জেনারেল তার দায়িত্ব পালন করছেন। তিনি আদালতে যুক্তি-প্রমাণ দেখানোর জন্য সময় চেয়ে স্থগিতাদেশ এনে মামলার কার্যক্রম ব্যাহত করেছেন। তিনি ‘হাইকোর্টকে হাইকোর্ট’ দেখিয়েছেন।
তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে তার দলের স্বার্থ রক্ষা করেছেন এবং আইনজীবীসহ দেশবাসীর সাথে প্রতারণা করেছেন। দলীয় অ্যাটর্নি জেনারেল কোনভাবেই নিরপেক্ষ সরকারের পক্ষে কাজ করতে পারেন না। তাকে অবশ্যই অপসারণ করতে হবে।
সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, আদালতগুলো নিরপেক্ষ আচরণ করলে দেশে প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন ইস্যুতে বিরাজমান সংকট থাকতো না। কিন্তু আদালতগুলো নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। এর আগেও বিভিন্ন ইস্যুতে আদালতের রায় ঘোষণার পূর্ব মুহূর্তে আদালতগুলোর ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এর দায়-দায়িত্ব প্রধান বিচারপতিকেই বহন করতে হবে।
বার কাউন্সিলের সহ-সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে বর্জনের আহ্বান জানিয়ে বলেন, এসব লোকের জন্য বিচার বিভাগ বিতর্কিত হচ্ছে। দেশের মানুষের কাছে আস্থা হারাচ্ছে। বিচার বিভাগকে যারা কলুষিত করছে বা লজ্জিত করছে তাদের সব ক্ষেত্রে বর্জন করতে হবে।
তিনি ঘোষণা করেন, অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের সভাপতি হলেও এখন থেকে বার কাউন্সিলের সব ক্ষেত্রে তাকে বর্জন করা হবে। তার কোন নোটিশ বা চিঠি বার কাউন্সিল গ্রহণ করবে না। তাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বর্জন করা হবে। একই সাথে প্রধান বিচারপতিকেও আইনজীবীদের বিভিন্ন পর্যায়ে বর্জন করা হবে।
এক প্রশ্নের জবাবে আইনজীবী নেতারা জানান, আদালত সিদ্ধান্ত ঘোষণার পরই আইনজীবীসহ বিচারপ্রার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই আদালত চত্বরে ভাংচুরসহ বিক্ষোভের ঘটনা ঘটে। কিন্তু ভাংচুরের সাথে বিচারপ্রার্থী পক্ষের কেউ জড়িত ছিল না। বহিরাগতরাই এসব ঘটনা ঘটিয়েছে। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইনজীবী নেতা রহমত আলী, ওজায়ের ফারুক, আব্দুল মান্নান খান, সুব্রত চৌধুরী, আব্দুল মতিন খসরু, এনায়েতুর রহীম প্রমুখ।
