শপথ ভঙ্গের অভিযোগ মানেন না চার উপদেষ্টা
‘তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা শপথ ভঙ্গ করছেন’ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এ বক্তব্যের প্রতিবাদ জানালেন, তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টা।
উপদেষ্টারা বৃহস্পতিবার পৃথক পৃথকভাবে সাংবাদিকদের বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপদেষ্টারা যা বলছেন তা কোনোভাবেই সংবিধান লংঘনের পর্যায়ে পড়ে না। এক্ষেত্রে শপথ ভাঙ্গারও প্রশ্ন নেই। সাধ্য অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। কোনো ষড়যন্ত্রে উপদেষ্টারা অংশ নিচ্ছেন না।
সাংবাদিকদের সঙ্গে কথা বলে উপদেষ্টারা শপথ ভঙ্গ করছেন বুধবার খালেদা জিয়ার এ অভিযোগের প্রেক্ষাপটে, বৃহস্পতিবার চার উপদেষ্টা ড. আকবর আলি খান, হাসান মশহুদ চৌধুরী, সিএম শফি সামি এবং ধীরাজ কুমান নাথ নিজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রায় একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
হাসান মশহুদ চৌধুরী বলেন,“নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা কাজ করছেন। এজন্য তারা সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জনের চেষ্টা চালাচ্ছেন। এটা ভুল উদ্যোগ নয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলে উপদেষ্টারা শপথ ভঙ্গ করছেন না। সাংবাদিকদের সঙ্গে কথা বললে উপদেষ্টাদের মূল উদ্দেশ্য কখনই ব্যাহত হয়না বরং এর মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায়।”
উপদেষ্টা সিএম শফি সামি বলেন, “সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা ষড়যন্ত্র করছি না। আমাদের বক্তব্য সংবিধান লঙ্ঘনের পর্যায়ে পড়ে না। আমরা কথা বলছি, আলোচনা করছি। আলোচনার মাধ্যমে যে কোন সমস্যার সমাধান করা সম্ভব। সে জন্যই আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলছি। কথা বলা মানেই ষড়যন্ত্র নয়।”
ধীরাজ কুমার নাথ বলেন, “নির্বাচন বানচালের কোন উদ্দেশ্য আমদের নেই। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। দেশের মানুষের জন্য,শান্তির জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে যেখানে কথা বলা দরকার আমরা সেখানেই কথা বলছি”।
ডক্টর আকবর আলি খান বলেন, “সাংবাদিকসহ অন্যান্যদের সঙ্গে কথা বলা মানে শপথ ভঙ্গ নয়।”
