উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত উপেক্ষা করিনি: সংস্থাপন সচিব
সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানের উত্তরার কার্যালয়ে সাবেক ও বর্তমান সরকারি আমলাদের গোপন বৈঠকের ঘটনা তদন্ত নিয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত উপেক্ষা করার কথা অস্বীকার করেছেন সংস্থাপন সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী।
তিনি বলেন, “উপদেষ্টারা কি বলেছেন তা আমি জানি না। আর এ বিষয়ে কোন মন্তব্যও করবো না। আমি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি মাত্র।” সংস্থাপন মন্ত্রনালয় কার্যালয়ে বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা পরিষদের বৈঠকে শুধুমাত্র উত্তরার ঘটনা নিয়ে তদন্তের কথা উল্লেখ করা হলেও প্রজ্ঞাপনে ১৯৯৬ সালের জনতার মঞ্চ ও ২০০১ সালের পান্ডা গার্ডেনের ঘটনাটিকে যুক্ত করার ব্যাপারে তিনি বলেন, “আমার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের সিদ্ধান্তই প্রতিফলিত হয়েছে। কোন উপদেষ্টা তা গ্রহণ বা প্রত্যাখ্যান করেছেন, তা আমার জানা নেই। এ বিষয়ে মন্তব্য করাও সমীচিন হবে না।”
নির্ধারিত সাত দিনের মধ্যে পুরো ঘটনার তদন্ত শেষ করা সম্ভব হবে কিনা-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি তদন্ত কমিটির ব্যাপার। সরকারের নির্দেশেই তাদের সাতদিন সময় দেয়া হয়েছে। তারাই এর সঠিক উত্তর দিতে পারবেন।”
১৯৯৬ সালের জনতার মঞ্চের ঘটনায় বিচারাধীন মামলা ও ২০০১ সালের পান্ডা গার্ডেনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরও একই ঘটনার পুনঃতদন্তের কারণ সম্পর্কে এর আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, “আমরা প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চাই। তাই সব ঘটনার তদন্ত একসাথে করার ব্যবস্থা করা হয়েছে।”
নির্বাচনী তফসিল ঘোষণা করার পরও মাঠ প্রশাসনে এখনো বদলি করা হচ্ছে, এ বদলির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা-এ প্রশ্নের জবাবে সোলায়মান চৌধুরী বলেন, এখনো কিছু কিছু বদলি হচ্ছে। আর বদলিটা হলো একটি চলমান প্রক্রিয়া। এটা কখনো শেষ হয়েছে, বলা যাবে না।
