জনতার মঞ্চে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ প্রশ্নবিদ্ধ
১৯৯৬ সালের জনতার মঞ্চে অংশগ্রহণকারী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল গত জোট সরকার। প্রায় ১১ বছর পর বর্তমান সংস্থাপন সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী আবারো সংশ্ল্ষ্টিদের তালিকা প্রণয়ণ ও অপরাধ চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। এতে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
উপদেষ্টা পরিষদের সভায় সোমবার উত্তরায় আমলাদের গোপন বৈঠকের ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কেবলমাত্র এ ঘটনা তদন্তের জন্য কমিটির কার্যপরিধি কি হবে তা নির্ধারন করতে বৈঠক থেকে সংস্থাপন সচিবকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সংস্থাপন সচিব উত্তরার ঘটনার সঙ্গে জনতার মঞ্চে অংশগ্রহণকারী কর্মকর্তাদের তালিকা প্রণয়ন ও তাদের অপরাধ চিহ্নিত করার বিষয়টি কমিটির কার্যপরিধির সঙ্গে যোগ করে দেন।
এ ব্যাপারে সংস্থাপন সচিবের দপ্তরে সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও তার সাক্ষাত পাওয়া যায়নি। তার দপ্তর থেকে জানানো হয়, তিনি আজ (মঙ্গলবার) কোন সাংবাদিকের সঙ্গে কথা বলবেন না।
এদিকে সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , গত জোট সরকার ক্ষমতায় আসার পরপরই জনতার মঞ্চে যোগ দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন পর্যায়ের ১২৩ কর্মকর্তা ও কর্মচারির বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার পদক্ষেপ নেয়া হয়। এই পদক্ষেপের অংশ হিসেবে সংশ্লিষ্টদের কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না– এ মর্মে সুনির্দিষ্ট অভিযোগ সহকারে ১৯৭৯ (১৯৮৯ সংশোধিত) সরকারি কর্মচারি (বিশেষ বিধান) অধ্যাদেশ ৩ (এ) ও ৩ (সি) ধারায় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
ধারা অনুযায়ী, কোন সরকারি কর্মচারি যদি এমন কোন কাজে লিপ্ত হন, যার কারণে অন্য কোন সরকারি কর্মচারিদের মধ্যে অনিহার সৃষ্টি, শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য পালনে বাঁধার সৃষ্টি অথবা যদি কোন সরকারি কর্মচারি অন্য কোন সরকারি কর্মচারিকে তার কাজে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য প্ররোচিত বা অন্য কোন ভাবে নিবৃত করেন তাহলে ওই কর্মকর্তাকে বরখাস্ত ও অব্যাহতি দেওয়া ছাড়াও তার পদবনতি বা বেতন হ্রাস করা যাবে।
২০০২ সালের জানুয়ারি মাসের শেষ দিক থেকে এসব নোটিশ জারি করা শুরু হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্ধারিত সময়ে অভিযোগের লিখিত জবাবসহ সশরীরে উপস্থিত হয়ে শুনানিতেও অংশ নেন।
সংস্থাপন মন্ত্রণালয়ের সূত্র আরো জানায়, কর্মকর্তাদের জবাব পাওয়ার পর অনেককেই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে সংশ্লিষ্টদের অভিযুক্ত করার স্বপক্ষে তেমন কোন যুক্তি খুজে না পাওয়ায় কারো বিরুদ্ধে সরাসরি কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তাদের মধ্য থেকে ৫৭ কর্মকর্তাকে পরে বিভিন্ন সময়ে বাধ্যতামূলক অবসর দেওয়ার মাধ্যমে চাকরিচ্যুত করেছিল খালেদা সরকার।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘বিতর্কিত’ জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পরপরই নির্বাচন বাতিলের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারিসহ বিভিন্ন স্তরের লোকজন নানাভাবে বিক্ষোভ প্রর্দশন করেন। এ বিক্ষোভ প্রদর্শনের প্রধান স্থান হিসেবে ১৯৯৬ সালের মার্চ মাসে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্থাপন করা হয় জনতার মঞ্চ।
পরে এ ধরণের মঞ্চ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরেও স্থাপন করা হয় । সরকারি, আধা-সরকারি,স্বায়িত্ব শাসিত ও আধা-স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিরা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জনতার মঞ্চের সঙ্গে একত্বতা প্রকাশ করেন।
