২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ মারা গেছেন

ঢাকার সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ সোমবার নগরীর অ্যাপেলো হাসপাতালে মারা গেছেন। । হাসপাতাল সূত্র এ তথ্য জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 02:10 AM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পারিবারিক সূত্র জানায়, রাত ১২ টা ৩৫ মিনিটে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬২।

মরহুমের ভাতিজা সুমন জানান, মঙ্গলবার সকালে মরহুমের লাশ তাঁর নাজিরাবাজারের বাড়িতে নিয়ে যাওয়া হবে। প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে নাজিরাবাজার মসজিদে বাদ আছর।

রাত দু’টায় হাসপাতালের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, বাড়িতে লাশ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে শনিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককের একটি হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে বের করার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফলে তাঁকে অ্যাপেলো হাসপাতাল থেকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

২০০৪ সালের ২১ আগষ্টের বোমা হামলার পর থেকে তাঁর শরীরে রয়ে গিয়েছিল অসংখ্য স্পিøন্টার। বঙ্গবন্ধু এভিনিউর ওই হামলায় নিহত হন কমপক্ষে ২২ ব্যক্তি। আহত হন বেশ কিছু সংখ্যক। তাদের মধ্যে শেখ হাসিনাও ছিলেন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ১৪ দলের সমাবেশে বক্তব্য রাখার সময় মস্তিস্কে রক্তক্ষরণের কারণে মোহাম্মদ হানিফ অসুস্থ হয়ে পড়েন। সে সময় তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হয়। সেখানে দীর্ঘ ছয় মাস চিকিৎসা শেষে ২৫ আগস্ট তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। তখন থেকে তিনি অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হানিফই ছিলেন ঢাকার প্রথম নির্বাচিত মেয়র। পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি ১৯৯৪ সালে। তবে মেয়র নির্বাচন নিয়ে আইনী লড়াইয়ের কারণে হানিফকে দায়িত্ব পালন করতে হয় আট বছর ধরে।

মুক্তিযোদ্ধা হানিফ জন্ম নেন ১৯৪৪ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারি একান্ত সচিব হিসেবেও কাজ করেছিলেন তিনি।