২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছর পর বরিশালে আবুল হাসানাত

সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ জোট সরকারের শাসনামলের পুরোটা সময় বাইরে কাটিয়ে অবশেষে শনিবার নিজ জেলা বরিশালে ফিরেছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 09:58 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বরিশালে পৌঁছান।

এসময় সাংবাদিকদের তিনি জানান, চরমোনাই পীরের জানাজায় যোগ দিতে শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে বরিশালে এলেও এখন থেকে এখানেই থাকবেন।

দীর্ঘ পাঁচ বছর পর বরিশালে এসেই আবুল হাসানাত আবদুল্লাহ সদ্য প্রয়াত জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনির হোসেন তালুকদারের পরিবারকে সমবেদনা জানাতে তার কলেজ রোডের বাসায় যান।

সাবেক চিফ হুইপের এবারের সফরে সঙ্গী হয়েছে শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা সোহেব। সোহেব সঙ্গে থাকায় জেলা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন।

নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, দীর্ঘদিন ধরে হাসানাতের প্রতি দাবি ছিল বরিশালে ফিরলে তার সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীরা যেন না থাকে।

এদিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ জানান, আবুল হাসানাত আবদুল্লাহ রাত পৌনে ৮টার দিকে নৌপথে চরমোনাইর উদ্দেশে বরিশাল ত্যাগ করেন। রোববার চরমোনাই পীরের জানাজা শেষে তিনি সরাসরি আবার বরিশাল আসবেন।

দলের একটি সূত্র জানায়, বরিশালে তার থাকা নির্ভর করবে রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর। বরিশালে তার আসার বিষয়টি নেতা-কর্মীরা না জানায় শনিবার সেখানে কোনো মিছিল-সমাবেশ হয়নি।

২০০১ সালের নির্বাচনের দিন গভীর রাতে আবুল হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনী এলাকা গৌরনদীর আগৈলঝাড়া থেকে বরিশাল ছাড়েন।