পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না উপদেষ্টারা
রাষ্ট্রপতির একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার পরিচালনার প্রেক্ষাপটে উপদেষ্টাদের ক্ষোভ এখন অনেকটাই প্রকাশ্য। গত সপ্তাহের শেষ কর্মদিবসে অসুস্থতার অজুহাতে প্রায় অর্ধেক উপদেষ্টার অনুপস্থিতি বিষয়টিকে আরো স্পষ্ট করে তুলেছে। এ পরিস্থিতিতে একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলে জানা গেছে, দায়িত্ব থেকে সরে যাওয়ার বিষয়ে চিন্তা করছেন তারা।
উপদেষ্টা সুলতানা কামাল বলেন, “প্রধান উপদেষ্টার সুযোগ আছে বিভিন্ন কাজে উপদেষ্টাদের অন্তর্ভুক্ত করে দ্রুত কাজ আদায় করে নেওয়ার। সার্বিক কার্যক্রম দ্রুত করার জন্য আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজেদের মধ্যে আলাপ আলোচনা অব্যাহত রেখেছি। উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে সাপ্তাহিক ছুটি দু’দিনের পরিবর্তে একদিন করারও প্রস্তাব দেওয়ার পরিকল্পনা আছে আমার।”
প্রধান উপদেষ্টার সঙ্গে দূরত্বের কারণে কয়েক উপদেষ্টা পদত্যাগ করতে পারেন-এ ধরনের গুজব নিয়ে প্রশ্ন করা হলে সুলতান কামাল বলেন,“ আমার কারণে কাজের অগ্রগতি হচ্ছে না অথবা আমি কাজ করতে পারছি না ভবিষ্যতে এরকম মনে হলে অবশ্যই উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবো। তবে আমি এখনো আশাবাদী সব কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে পারবো।”
সুলতানা কামাল আরো বলেন, “যেকোনো কাজের বিকেন্দ্রিকরণের ফলাফল ইতিবাচক হয়ে থাকে। প্রধান উপদেষ্টার সুযোগ আছে বিভিন্ন কাজে উপদেষ্টাদের অন্তর্ভুক্ত করে দ্রুত কাজ আদায় করে নেওয়া। সার্বিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য আমরা সব উপদেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
বিগত সবগুলো তত্ত্বাবধায়ক সরকরের সময় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে, সচিব ও জেলা প্রশাসকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় সব উপদেষ্টার মতামত নিতেন এবং উপদেষ্টাদের মধ্য থেকে কাউকে ভাষণের খসড়া তৈরি করার দায়িত্ব দিতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অনুসন্ধানে জানা গেছে, এ রীতি থেকেই গত বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের খসড়া তৈরির দায়িত্ব একজন উপদেষ্টাকে দেওয়া হয়েছিল। খসড়া তৈরি হলেও পরে রাষ্ট্রপতি তা গ্রহণ করেননি।
ড. আকবর আলি খানকে এসব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,“ রোববার আমি সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলাপ করবো।” আরেক উপদেষ্টা সি এম শফি সামিও কোন মন্তব্য না করে রোববার তার অফিসে আসার অনুরোধ করেন।
১৯৯৬ ও ২০০১ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মঞ্জুর এলাহী জানান, “আমরা সরকারি ছুটির দিনেও উপদেষ্টা পরিষদের বৈঠক করেছি। ১৯৯৬ সালে প্রতি সন্ধ্যায় উপদেষ্টারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। ২০০১ সালে দু’একদিন পরপর একই ভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য উপদেষ্টারা বসতেন। এধরনের আলোচনার সময় কোন সচিব উপস্থিত থাকতে পারতেন না। তারা বাইরে অপেক্ষা করতেন। উপদেষ্টা পরিষদের বৈঠকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তা পরে প্রধান উপদ্ষ্টোকে জানানো হতো। ফলে সব কাজ দ্রুত সম্পন্ন হয়েছে। কিন্ত বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় এসব বিষয় সম্পূর্ণ ভাবে অনুপস্থিত।”
