জাতীয় ঐক্যফ্রন্টের এক দফা-প্রধান উপদেষ্টার পদত্যাগ
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৭ নভেম্বর থেকে এক দফা আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় ঐক্যমঞ্চ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ শুক্রবার বিকালে এলডিপির বারিধারা প্রেসিডিয়াম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক ও এলডিপি মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য আলমগীর কবীর, সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী, জাতীয় ঐক্যমঞ্চের সদস্যসচিব কমান্ডার (অব.) আবদুর রউফ, সাবেক হুইপ আবদুর রউফ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব রেজাউল হক চাঁদপুরী, সাংগঠনিক সম্পাদক লায়ন এম. এ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
মেজর (অব.) মান্নান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমদের পদত্যাগের এক দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলের নেতা-কর্মীরা আগামী ২৭ নভেম্বর সকাল ৭টা থেকে বঙ্গভবনের চারপাশে এবং ২৮ নভেম্বর বিতর্কিত স্ব-ঘোষিত ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও দুই কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবের পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশনের চারদিকে অবস্থান কর্মসূচি পালন করবে।
২৮ নভেম্বরের পর এক দফা আদায়ের জন্য বঙ্গভবনের চারপাশে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।
মান্নান আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা একজন দলীয় ব্যক্তি হওয়ায় তিনি আমাদের দাবি পূরণ না করে নির্বাচন বানচালের জন্য একটি নীলনকশা তৈরি করেছেন।”
মাহী বি. চৌধুরী বলেন, ২২ নভেম্বর উপদেষ্টারা জানিয়েছেন, সিইসি এম এ আজিজ ছুুটির জন্য বিকাল ৩টায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে ফ্যাক্স বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি সিইসির কোন ফ্যাক্স বার্তা পাননি। প্রধান উপদেষ্টা শুধু তার নিরপেক্ষতা প্রমাণেই ব্যর্থ হননি বরং তিনি জাতির কাছে মিথ্যা বলেছেন।
মাহী ‘কাশিমবাজার কুঠির’ ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য প্রধান উপদেষ্টার পদত্যাগের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য জাতীয় পার্টি (এরশাদ), জাকের পার্টি, কাদের সিদ্দিকী ও আসম রবের নেতৃত্বাধীন যুক্তফ্রন্টসহ বিভিন্ন ইসলামী দলের প্রতি আহ্বান জানান।
