চার দলের সমাবেশ ২৭ ও ২৮ নভেম্বর
বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট নির্বাচনী তফসিলসহ বিভিন্ন দাবিতে ২৭ ও ২৮ নভেম্বর সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে।
মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে চার দলীয় জোটের এই কর্মসূচি চূড়ান্ত করা হয়।
কর্মসূচি অনুযায়ী, ২৭ নভেম্বর সোমবার নয়াপল্টনে এবং ২৮ নভেম্বর মঙ্গলবার মুক্তাঙ্গনে জনসভা করা হবে।
এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব সাইফুর রহমানের স্মরণে ২৬ নভেম্বর মহানগর নাট্যমঞ্চে স্মরণসভা করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে চার দলের বৈঠকে।
চার দলের গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০ টায় বিএনপির মহানগর কার্যালয়ে নগর চার দলের লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন ও এম শামসুল ইসলাম, জামায়াতে ইসলামীর আলী আহসান মোহাম্মদ মোজাহিদ ও এম কামারুজ্জামান এবং ইসলামী ঐক্যজোটের আহমেদ আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
