‘রাষ্ট্রপতি সকল অপকর্মের হোতা’ বললেন জলিল
আওয়ামী লীগের সাধারণ আবদুল জলিল শুক্রবার বলেছেন, “বঙ্গভবনে যে রাষ্ট্রপতি বসে আছেন তিনি সকল অপকর্মের হোতা।”
শুক্রবার তার গুলশানের বাসবভনে এক সংবাদ সম্মেলনে জলিল বলেন, “রাষ্ট্রপতি সংবিধানের কোনও ধারাই অনুসরণ করছেন না। তিনি অব্যাহতভাবে সংবিধান লঙ্ঘন করে যাচ্ছেন।”
সংবাদ সম্মেলনে ১৪ দলের সমন্বয়কারী নিরপেক্ষভাবে কাজ করতে পারবে এমন একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।
ভোটার তালিকা সংশোধনের দাবি জানিয়ে জলিল বলেন, “১ কোটি ৪০ লাখ ভোটার দিয়ে নির্বাচন হবে না।”
এ ছাড়া “বেআইনিভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে জনগণ তা প্রতিহত করবে” বলেও তিনি জানান।
আওয়ামী লীগ নেতা বলেন, “তফসিল ঘোষণার পূর্ব শর্ত মানা হয়নি। চক্রান্তের নির্বাচনের জন্য আজিজ ও জাকারিয়াকে নিয়োগ দেওয়া হয়েছিল।”
নির্বাচনে অঘটন ঘটানোর জন্য নির্বাচন কমিশনার স ম জাকারিয়াকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তি উল্লেখ করে জলিল বলেন, “এই জাকারিয়াই হলেন মূল ক্রিমিনাল।”
নতুন দুজন নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে জলিল সাংবাদিকদের জানান, বিতর্কিত কোনও ব্যক্তি নির্বাচন কমিশনার হিসেবে গ্রহণযোগ্য হবে না।
সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন, আদালতের রায় মতো ভোটার তালিকা প্রস্তুত করা এবং দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া ৩০০ উপজেলা নির্বাচন কর্মকর্তার বদলির দাবি জানান।
জলিল বলেন, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নিজের হাতে রেখে দিয়েছেন। তিনি এটিকে নিরপেক্ষ নির্বাচন না হওয়ার প্রধান অন্তরায় বলে উল্লেখ করেন।
নতুন নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে আবদুল জলিল বলেন, হাওয়া ভবনের নির্দেশ অনুযায়ী দুজন নির্বাচন কমিশনার নিয়োগের পাঁয়তারা চলছে। তিনি প্রধান উপদেষ্টাকে সঠিকভাবে রাষ্ট্রপরিচালনার জন্য আহ্বান জানান।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও শেখ সেলিম, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও সৈয়দ জাফর সাজ্জাদ, জাসদের হাসানুল হক ইনু এবং দিলীপ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
