নাটোরে তারেক-দুলুর বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর গুলিবর্ষণের অভিযোগে নাটোর জেলা আওয়ামী লীগ তারেক রহমান ও দুলুসহ ৯৫ জনের বিরুদ্ধে মামলা করেছে।
নাটোর সদর থানা সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ বাদী হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৯৫ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন।
জেলা বিএনপি এই মামলাকে আওয়ামী লীগের মিথ্যাচার বলে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, তারেক রহমান ও দুলু মোবাইল ফোনে তার নেতা-কর্মীদের হুকুম দিয়ে গত ২০ নভেম্বর বহু আওয়ামী লীগ কর্মীকে গুলিবিদ্ধ করেছে। এক পর্যায়ে র্যাব ও পুলিশ এসে তাদের প্রাণে রক্ষা করে।
তদন্তকারী কর্মকর্তা ফজলুল হক জানান, ইতোমধ্যে মামলার ১নং আসামী মুসাকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনার সঙ্গে তারেক রহমান ও দুলুর সম্পৃক্ততা আছে কিনা তা বলা যাবে না।
এদিকে মামলার প্রতিবাদে জেলা বিএনপি শুক্রবার বিকেলে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে।
এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু তার লিখিত বক্তব্যে বলেন, “মামলায় কথিত ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত ছিল না। তারেক রহমান বা দুলু কেউই এ ঘটনার হুকুমও দেন নাই। এটা আওয়ামী লীগের মিথ্যাচার।” তিনি অবিলম্বে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ওইদিনের ঘটনাটিকে আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্বেরই ফসল বলে অভিহিত করেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি আমিনুল হক, কাজী শাহ আলম, শামসুল ইসলাম, দেওয়ান শাহীন, বাবুল চৌধুরী ও জাহিদ কমিশনার উপস্থিত ছিলেন।
